ধরমপাশায় টিপসই নিলেও চাল দেননি ডিলার!
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির এক ডিলারের বিরুদ্ধে হতদরিদ্র ব্যক্তিদের জন্য বরাদ্দ দেওয়া চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। তিনি চাল না দিয়েই অর্ধশতাধিক কার্ডধারীর কাছ থেকে চাল দেওয়া হয়েছে বলে তাঁদের অগ্রিম টিপসই ও সই রেখেছেন।
উপজেলা প্রশাসন, এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ধরমপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে ৯৩০ জন কার্ডধারী রয়েছেন। এই ইউনিয়নে শাফিকুল ইসলাম ও গোবিন্দ রায় নামের দুজন ডিলার ছিলেন। সপ্তাহ খানেক আগে অনিয়মের অভিযোগে গোবিন্দ রায়ের ডিলারশিপ বাতিল করা হয়। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে ইউনিয়নের বংশীকুন্ডা বাজারে ডিলার শাফিকুলের দোকানে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে অর্ধশতাধিক কার্ডধারী সেখানে গেলে ডিলারের লোকজন তাঁদের চাল না দিয়ে ফিরিয়ে দেন। এ সময় সেখানে হইচই ও উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে বেলা দুইটার দিকে বংশীকুন্ডা দক্ষিণ ইউপির চেয়ারম্যান আজিম মাহমুদ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নাম প্রকাশ না করার শর্তে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের অন্তত ১০ জন কার্ডধারী অভিযোগ করেন, ‘গত সেপ্টেম্বর মাসে ডিলার এক মাসের চাল দিয়ে দুইবার টিপসই ও সই রেখেছেন। ডিলার ও তাঁর লোকজন আমাদের নামে বরাদ্দ আসা চাল সঠিকভাবে বিতরণ না করে আত্মসাৎ করেছেন। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
তবে ডিলার শাফিকুল ইসলাম দাবি করেন, ‘যে কার্ডগুলোতে টিপসই বা সই অগ্রিম রাখা হয়েছে বলে বলা হচ্ছে, সেগুলো কিছুদিন আগে ওই ইউনিয়নের ডিলারশিপ বাতিল হওয়া ডিলার গোবিন্দ রায়ের। আমার আওতায় কোনো কার্ডধারীর সঙ্গেই এমনটি করা হয়নি। এরপরও আমাকে এলাকায় হেয়প্রতিপন্ন করার জন্য একটি মহল এ ধরনের প্রচারণা চালাচ্ছে।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা সুনামগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দেব বলেন, ওই ডিলারের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা তাসলিমা আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’