ধরমপাশায় ত্রাণের চাল কম দেওয়ার অভিযোগ
বন্যায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদে (ইউপি) ক্ষতিগ্রস্ত দুস্থ ব্যক্তিদের জন্য খাদ্যসহায়তা কর্মসূচির (ভিজিএফ) চাল ওজনে কম দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এই বিতরণকাজ চলাকালে ইউপি চেয়ারম্যানকে জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ইউনিয়নটিতে ত্রাণ বিতরণকাজে তদারকি কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রহিম মিয়া বলেন, বালতি দিয়ে দেওয়ার কারণে চাল বিতরণে ওজনে প্রথমে কিছুটা হেরফের হয়েছিল। পরে তা সমাধান হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, অকালবন্যায় বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫৭০টি পরিবারের প্রতিটির মধ্যে ৩০ কেজি করে চাল ও নগদ ৫০০ টাকা করে বরাদ্দ পাওয়া যায়। এ জন্য জুনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ৪৭ টন ১০০ কেজি চাল ও ৭ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। গতকাল বেলা ১১টার দিকে মধ্যনগর খাদ্যগুদাম চত্বরে ইউনিয়নটির ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত মানুষজনের মধ্যে চাল বিতরণ শুরু করা হয়। কিন্তু এতে অনেকে ওজনে কম দেওয়ার অভিযোগ করেন।
এ বিষয়ে বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, ‘চাল বিতরণে কোনো অনিয়ম করা হয়নি। স্থানীয় একটি মহল এ ধরনের অপবাদ রটাচ্ছে। বালতির হেরফেরের কারণে ১৫ থেকে ২০ জন ভিজিএফ সুবিধাভোগী চাল ওজনে কিছুটা কম পেয়েছেন বলে আমাকে জানিয়েছেন। যাঁরা চাল ওজনে কম পেয়েছেন, তাঁদের পাওনা চাল পরের মাসে দেওয়া হবে।’
ইউএনও মো. মামুন খন্দকার বলেন, ‘বিষয়টি আমাকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে দেখব।’