ধরমপাশায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশায় আজ বুধবার সকালে আমির হোসেন নামের পাঁচ বছরের এক নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার মধ্যনগর বি পি স্কুল অ্যান্ড কলেজের সামনের ডোবা থেকে লাশটি উদ্ধার হয়।

আমির উপজেলার মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর বাজার এলাকার আবদুস শহীদের ছেলে।

শিশুটির পরিবার ও থানা–পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে মধ্যনগর বাজারের নিজ বাসা থেকে আমির নিখোঁজ হয়। পরিবারের লোকজন ও স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি ও মাইকিং করেও শিশুটির সন্ধান পায়নি। আজ সকাল ছয়টার দিকে মধ্যনগর বি পি স্কুল অ্যান্ড কলেজের সামনের ডোবা থেকে শিশুটির লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে যায়।

শিশুটির বাবা আবদুস শহীদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরারে ফাঁকি দিয়া জনমের মতো আমার ছেলেডা চইল্যা গেছে। জানুয়ারিতে হেরে স্কুলে ভর্তি করাইবার কথা আছিল। এই গজব আমি ক্যামনে সামাল দিমু?’

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক এ মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।