ধরমপাশায় নৌকার সমর্থককে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর লোকজনের বিরুদ্ধে নৌকার এক সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল রোববার মধ্যনগর ইউনিয়নের গলহা গ্রামে এ ঘটনা ঘটে।

৪ জুন ষষ্ঠ ধাপে এ উপজেলায় ভোট হবে। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রবীর বিজয় তালুকদার অভিযোগ করেন, ‘গতকাল সকাল ১০টার দিকে গলহা গ্রামে বিদ্রোহী প্রার্থী পরিতোষ সরকারের নির্দেশে সাত-আটজনের একটি দল কৌশিক লাল রায় (৪৫), কেশব রায় লাল (৫৫) ও আবদুল মান্নানকে (৪৫) নৌকার প্রচারণা থেকে সরে দাঁড়াতে হুমকি দেয়। একপর্যায়ে তারা কৌশিক লাল রায়কে বাড়ির সামনের রাস্তায় নিয়ে মারধর করে। এরই মধ্যে বিষয়টি থানায় জানিয়েছি।’

হুমকি বা মারধরের নির্দেশ দেওয়ার কথা নাকচ করে দিয়ে পরিতোষ সরকার দাবি করেন, ‘তারা নিজেরাই মারামারি করেছে। প্রতিপক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বলেন, ‘ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’