ধরমপাশায় পুলিশকে মারধরের অভিযোগ
সুনামগঞ্জের ধরমপাশায় লাইনে না দাঁড়িয়ে নিয়ম ভেঙে ওএমএসের চাল কিনতে বাধা দেওয়ায় এক পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। আজ সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে কান্দাপাড়া বাজারে ওই ইউনিয়নের ওএমএসের ডিলার তরিকুল ইসলাম থানা-পুলিশের উপস্থিতিতে ভোক্তাদের কাছে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেন। সকাল ১০টার দিকে কান্দাপাড়া গ্রামের মুকিম মজুমদার লাইনে না দাঁড়িয়ে সামনে গিয়ে দোকান থেকে চাল নিতে গেলে ধরমপাশা থানার কনস্টেবল রিপন সিংহ বাধা দেন। তিনি মুকিমকে লাইনে দাঁড়িয়ে চাল কিনতে অনুরোধ করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়। মুকিম মজুমদার উত্তেজিত হয়ে ওই পুলিশ সদস্যকে কিলঘুষি মারেন এবং তাঁর ইউনিফর্ম টেনে ছিঁড়ে ফেলে পালিয়ে যান।
আহত ওই পুলিশ সদস্য ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাময়িক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তিনি আজ বিকেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়ার কাছে লিখিত অভিযোগ করেছেন।
ধরমপাশা থানার ওসি প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আহত কনস্টেবল রিপন সিংহ ও অভিযুক্ত মুকিম মজুমদারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তাঁরা ফোন ধরেননি।