ধরমপাশায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবীরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লুৎফুর রহমান গত ২৩ জুন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে শিক্ষা উপকরণ ক্রয়, শ্রেণি সজ্জিতকরণ, খেলাধুলার সরঞ্জাম সরবরাহসহ নানা উন্নয়নকাজের জন্য ২০১৫-১৬ অর্থবছরে ওই বিদ্যালয়ে ৪০ হাজার টাকা বরাদ্দ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষার জন্য উন্নয়ন প্রকল্পের (পিইডিপি-৩) আওতায় ওই বরাদ্দ আসে। হুমায়ুন কবীর এ টাকা ১২ জুন ব্যাংক থেকে তোলেন। ৩০ জুনের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো কাজ হয়নি।
লুৎফুর রহমান অভিযোগ করে বলেন, ‘ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবীর আমাকে কিছু না জানিয়ে আমার স্বাক্ষর জাল করে এবং ভুয়া কাগজপত্র দাখিল করে বিদ্যালয়ের জন্য বরাদ্দ আসা অর্থ তুলেছেন।’
হুমায়ুন কবীর বিদ্যালয়ের জন্য সরকারিভাবে বরাদ্দ পাওয়া অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ‘পারিবারিক নানা ব্যস্ততার কারণে এত দিন আমি বিদ্যালয়ের কাজ করাতে পারিনি। তবে আগামী দুই-তিন দিনের মধ্যে কাজ শুরু করব বলে আশা করছি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন বলেন, ‘ওই শিক্ষক আগামী শুক্রবারের মধ্যে কাজ সম্পন্ন করবেন বলে আমার কাছে লিখিতভাবে অঙ্গীকার করেছেন।