ধরমপাশায় বাল্কহেডের ধাক্কায় নিহত হওয়ার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গামাই নদে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় হরিধন ঋষি (৫০) নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গত শনিবার নিহত ব্যক্তির ছেলে বরুণ ঋষি বাদী হয়ে দুজনকে আসামি করে মধ্যনগর থানায় মামলা করেন।

আসামিরা হলেন বাল্কহেডের চালক কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কুকরাই শরীয়ত উল্লাহ (৫০) ও পাটলী গ্রামের আবু লাল (৫৫)। নিহত হরিধন ঋষির বাড়ি ধরমপাশার চামরদানী ইউনিয়নের সাজদাপুর গ্রামে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে হরিধন ঋষি গামাই নদে ছোট নৌকায় করে পার্শ্ববর্তী কামারগাঁও গ্রামের দিকে যাচ্ছিলেন। সকাল আটটার দিকে একই দিক থেকে চারটি বাল্কহেড আসছিল। এ সময় একটি বাল্কহেডের ধাক্কায় হরিধন নৌকা থেকে নদে পড়ে যান। আরেকটি বাল্কহেড হরিধনের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই চারটি বাল্কহেড সেখান থেকে দ্রুত চলে যায়।

পরে স্থানীয় লোকজন নদ থেকে হরিধনের লাশ উদ্ধার করে। তাঁরা মুঠোফোনে তাহিরপুর উপজেলার মানিক খিলা গ্রামের বাসিন্দাদের এ ঘটনার কথা জানান। সকাল নয়টার দিকে সেখানকার লোকজনের সহায়তায় ওই গ্রামের পেছনে কানামুইয়া হাওর থেকে চারটি বাল্কহেড ও এর চালকদের আটক করা হয়। পরে তাঁদের সাজদাপুর গ্রামে আনা হয়। খবর পেয়ে মধ্যনগর থানা-পুলিশ সকাল ১০টার দিকে সেখানে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুটি বাল্কহেডের চালক ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অন্য দুটি বাল্কহেডের চালককে ছেড়ে দেওয়া হয়েছে।

বাল্কহেডের চালক শরীয়ত উল্লাহ বলেন, ‘আমরা চারটি নৌকা নিয়ে বালু কিনতে কলমাকান্দার ডাইয়া এলাকায় আইছিলাম। না পাইয়া তাহিরপুর উপজেলার উদ্দেশে রওয়ানা অইছিলাম। আমরা ইচ্ছা কইরা এই ঘটনা ঘটাই নাই।’

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গতকাল রোববার সকালে ওই দুজন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।