ধরমপাশায় বিদ্যালয়ে হামলা, আহত ১০
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার গাছতলা উচ্চবিদ্যালয়ের চত্বরে ঢুকে গতকাল সোমবার শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে ওই বিদ্যালয়ের অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছে। এ সময় বিদ্যালয়ের একটি কক্ষ ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
আহত শিক্ষার্থীদের মধ্যে নবম শ্রেণির আলম মিয়া (১৪), রনি আকন্দ (১৪), দশম শ্রেণির হৃদয় মিয়া (১৫), মোহাম্মদ আলী (১৫), বাপ্পারাজ (১৫) ও আবদুল হালিম ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার নিজামপুর গ্রামের সুমেন বাপ্পী (১৫) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী, থানা-পুলিশ ও শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার বেলা একটার দিকে উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জহিরুল ইসলাম বিদ্যালয়ের পাশের গাছতলা বাজারের একটি দোকানে কলম কিনতে যাচ্ছিল। এ সময় উপজেলার নিজামপুর গ্রামের মনির মিয়া (২০) ও কামরুল ইসলাম (১৮) তাকে ডাক দেন। সে সাড়া না দিয়ে কলম কিনতে দোকানের ভেতরে ঢুকে পড়ে। এ সময় কামরুল ও মনির ওই দোকানে ঢুকে জহিরুলকে কিলঘুষি মারেন।
গতকাল সকাল ১০টার দিকে জহিরুল তার চারজন বন্ধুকে নিয়ে ওই দোকানে খাতা কিনতে যায়। এ সময় কামরুল ও মনির ওই দোকানে বসা ছিলেন। একত্রে চার-পাঁচজন ছাত্রকে দেখে ক্ষিপ্ত হন তাঁরা। একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে বেলা ১১টার দিকে মনির ও কামরুলের নেতৃত্বে ১০-১২ জন লোক লাঠিসোঁটা নিয়ে বিদ্যালয় চত্বরে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে ১০ শিক্ষার্থী আহত হয়। এ সময় হামলাকারীরা বিদ্যালয়ের উত্তর পাশের দ্বিতল ভবনের একটি কক্ষের কাচও ভাঙচুর করে।
গাছতলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী সিদ্দিকী বলেন, ‘আমি ঘটনার সময় বিদ্যালয়ে ছিলাম না। এ ঘটনায় আজ মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন বলেন, ‘এ ঘটনায় জড়িত সন্দেহে গাছতলা বাজার থেকে ওই দিন দুপুরে সুমন বাপ্পী নামের এক কিশোরকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’