ধরমপাশায় শিকারির গুলিতে স্কুলছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার কালাপানি জলমহালে গত বুধবার এক পাখি শিকারির বন্দুকের ছোড়া গুলিতে স্বদেশ সরকার (১৫) নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে। আহত অবস্থায় ওই দিন সন্ধ্যায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বদেশ উপজেলার আবদুর রশিদ মেমোরিয়াল নিম্নমাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় সম্প্রতি উত্তীর্ণ হয়েছে। তার বাড়ি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে। সে ওই গ্রামের রাকেশ সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ওই শিক্ষার্থীর স্বজনেরা জানান, কালাপানি জলমহালের পূর্ব পাড় হয়ে বুধবার বিকেলে স্বদেশ ও তার বাবা রাকেশ সরকার নৌকাযোগে বাড়ির উদ্দেশে রওনা হন। এমন সময় কালাপানি জলমহালের পশ্চিম পাড় দিয়ে চলা চলন্ত একটি ট্রলার থেকে ওই হাওরে পাখি শিকারের জন্য এক ব্যক্তি বন্দুক দিয়ে গুলি ছোড়েন। এ সময় একটি গুলি স্বদেশের বাঁ চোখের ওপরের অংশে লাগলে সে অচেতন হয়ে পড়ে। পরে তাকে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আশিক ই রব্বানী বলেন, ওই শিক্ষার্থী বর্তমানে শঙ্কামুক্ত আছে।
ধরমপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।