ধরমপাশায় সরকারি ১৯০ বস্তা চাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা সদরের মধ্যবাজারে এক ব্যবসায়ীর দুটি দোকান ও একটি গুদামে অভিযান চালিয়ে সাড়ে ৯ হাজার কেজি সরকারি চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাতে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
উপজেলা প্রশাসন, ধরমপাশা বাজারের কয়েকজন ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত আটটার সময় মধ্যবাজারের আনোয়ার হোসেনের চালের দোকান ও গুদামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন খন্দকার পুলিশ নিয়ে অভিযান চালান। তিনি সেখানে থাকা ৫০ কেজি ওজনের ১৯০টি বস্তার গায়ে খাদ্য অধিদপ্তরের জন্য লেখা ও বারহাট্টা খাদ্যগুদামের সিল দেখতে যান। পরে তা যাচাই করার জন্য তিনি ধরমপাশা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) গোলাম কিবরিয়াকে সেখানে ডাকেন।
একপর্যায়ে খাদ্যগুদামের কর্মকর্তা গোলাম কিবরিয়া ঘটনাস্থলে এসে চালের বস্তাগুলো সরকারি বলে নিশ্চিত করলে ইউএনও তা জব্দ করেন আনোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়মিত মামলা করার জন্য ওসিকে নির্দেশ দেন। নির্দেশ পেয়ে গতকাল ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান তাঁর বিরুদ্ধে মামলা করেন।