ধরল র্যা ব, পালাল পুলিশের কাছ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত এলাকায় পুলিশের হেফাজত থেকে পালিয়েছেন গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি আফসান রহমান ওরফে রুবেল (২৬)। গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
এই আসামিকে গত শুক্রবার গ্রেপ্তার করেছিল র্যা ব-১। পরদিন তাঁকে বাড্ডা থানার পুলিশের কাছে হস্তান্তর করে। গতকাল থানার উপপরিদর্শক (এসআই) ইমরানুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল আসামিকে আদালতে নিয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল বেলা ৩টা ১০ মিনিটের দিকে আদালত থেকে পালিয়ে যান রুবেল। তিনি পুলিশের হেফাজতে ধর্ষণের কথা স্বীকার করেছিলেন। তাই তাঁকে হাকিমের সামনে নিয়ে যাওয়া হচ্ছিল ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য। এ সময়ই তিনি পালান। তাঁকে ধরার চেষ্টা চলছে। তিনি জানান, এ ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য এসআই ইমরান ও কনস্টেবল দীপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুলিশের প্রসিকিউশন বিভাগের একজন কর্মকর্তা বলেন, বেলা তিনটার দিকে এসআই মানুষ ও কনস্টেবল দীপক আসামি রুবেলকে সিএমএম আদালতের নতুন ভবনের আটতলায় নিয়ে যান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য। সেখানে যাওয়ার পরে এসআই ইমরানুল দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষ করতে হাকিমের খাস কামরায় ঢোকেন। বাইরে আসামিকে নিয়ে ছিলেন কনস্টেবল দীপক। পরে জিজ্ঞাসাবাদে দীপক ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলেছেন, আসামিকে হাতকড়া পরানো অবস্থায় রেখে তিনি শৌচাগারে যান। ফিরে এসে দেখেন আসামি নেই।
র্যা ব গত শনিবার সংবাদ সম্মেলনে জানায়, গত ২৫ অক্টোবর ওই গারো তরুণী উত্তর বাড্ডার একটি মেসে তাঁর হবু স্বামীর সঙ্গে দেখা করতে যান। তখন ওই এলাকার সন্ত্রাসী রুবেল ও তাঁর সহযোগী ওই গারো তরুণীকে পাশের একটি বাড়িতে ধরে নিয়ে ধর্ষণ করেন। গতকাল র্যা বের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এতগুলো মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও কিসের বলে রুবেল এলাকায় ধর্ষণের মতো অপরাধ করেন এবং এরপর পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান, সে প্রশ্নের উত্তর মেলাতে পারছেন না তাঁরা।
গতকাল যোগাযোগ করা হলে র্যা ব-১-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ প্রথম আলোকে বলেন, তাঁরা খোঁজ নিয়ে আসামি রুবেলের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে বলে তথ্য পেয়েছেন। এর মধ্যে পুরনো ধর্ষণের মামলাও রয়েছে। চাঁদাবাজি ও মারামারির অভিযোগে বাকি মামলাগুলো হয়েছে। তদন্তে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যা ব জেনেছে, আসামি রুবেল স্থানীয়ভাবে অবৈধ যৌন ব্যবসা পরিচালনা করেন। মানুষকে বিব্রতকর পরিস্থিতিতে আটকে টাকা আদায় করা তাঁর পেশা।
লে. কর্নেল তুহিন বলেন, ‘এই আসামি পালিয়ে যাওয়ার খবরটা শুনে আমরা একটু শকড হয়েছি। এ রকম একটা আসামি কী করে কোর্ট থেকে পালায়। তবে পালানোর খবর পাওয়ার পরপরই র্যা ব তাঁকে আবারও ধরতে কার্যক্রম শুরু করে দিয়েছে। তাঁরা নিজেরাই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন।’