ধরলা নদী দিয়ে অবৈধভাবে আসছে ভারতের গরু
কুড়িগ্রামের ধরলা নদী দিয়ে অবৈধভাবে সীমান্ত পারি দিয়ে প্রতিদিন ভারতের গরু আনা হচ্ছে। গরুর ব্যবসায়ীরা করিডর ব্যবহার না করে এসব গরু নিয়ে আসছেন। বিষয়টি নিয়ে স্থানীয় এক ব্যক্তি সংশ্লিষ্ট বিভাগে লিখিত অভিযোগ দিয়েছেন।
কুড়িগ্রাম শহরের পাশ দিয়ে ধরলা নদী প্রবাহিত হচ্ছে। সদর উপজেলার হলোখানা ইউনিয়নে দেখা যায়, নদীর পূর্বপাড়ে ধরলা সেতুর প্রবেশপথে বিজিবি ও কাস্টমস (শুল্ক বিভাগ) কার্যালয় আছে। সেখান দিয়ে গরু আসার সংখ্যা খুব কম। শুল্ক বিভাগের কর্মকর্তারা বলেন, এ করিডর দিয়ে গরু আনলে প্রতিটির বিপরীতে ৫০০ টাকা করে দিতে হয়।
স্থানীয় ২০ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, এ করিডর দিয়ে গরু না এনে ব্যবসায়ীরা নদীর অন্য জায়গা দিয়ে অবৈধ পথে গরু আনছে। বিশেষ করে পিপড়ার ঘাট দিয়ে প্রতিদিন শত শত গরু আনা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী বলেন, দুভাবেই গরু এনে তাঁদের লোকসান হচ্ছে। অবৈধ পথে গরু আনতে দালাল থেকে শুরু করে প্রভাবশালী ব্যক্তিদের টাকা দিতে হচ্ছে। আর বৈধ পথে আনলেও ৫০০ টাকা করে দিতে হচ্ছে। এ ছাড়া গরু বিক্রি হওয়া পর্যন্ত রাখা ও তদারকির জন্য বাড়তি টাকাও গুনতে হবে।
গরু পারাপারের কাজে নিয়োজিত দুজন রাখাল বলেন, শেষ বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ধরলা নদী সাঁতরে গরু পারাপার করলে প্রতিটি গরুর জন্য ২৫০থেকে ৩০০ টাকা করে পান। নৌকায় পার করলে ৮০ টাকা লাগে। আর এপার এসে স্থানীয় দালালদের ৭০ টাকা দিতে হয়।
গরুর তদারকির দায়িত্বে থাকা কুড়িগ্রাম সদরের হলোখানা গাছবাড়ী এলাকার এক দালাল বলেন, মসজিদ ও রাস্তা সংস্কারের জন্য গরুপ্রতি ৭০ টাকা নেওয়া হয়।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদরের আওয়ামী লীগের কর্মী আবদুল বাতেন গত ৩১ আগস্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রাজস্ব বিভাগে চিঠি দেন। তিনি বলেন, প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
কুড়িগ্রাম দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক বলেন, হাজার হাজার গরু সীমান্ত দিয়ে আনলেও এর মূল্য পরিশোধ করা হয় হুন্ডির মাধ্যমে। গরু আমদানির ক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি না থাকায় টাকা লেনদেন হয় অবৈধ পন্থায়। এ ছাড়া ধরলা নদীর বিভিন্ন জায়গা দিয়ে অবৈধ পন্থায় গরু পারাপার করা হচ্ছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহমেদ চৌধুরী কুড়িগ্রামে ৩১ আগস্ট এক মতবিনিময় সভায় বলেন, কোনো সমস্যা থাকলে বিষয়টি তাঁরা দেখবেন।