ধরা পড়লেন কোহিনুর হত্যার আসামি নাজমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে মহিলা আওয়ামী লীগ সদস্য কোহিনুরকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি নাজমা আক্তার নয়নসহ (৪২) দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার তাঁদের গ্রেপ্তার করা হয়।

চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহারের ভাষ্য, হত্যাকাণ্ডের পর থেকেই নাজমা পলাতক ছিলেন। তিনি কয়েকবার ঠিকানা ও মুঠোফোনের নম্বর পরিবর্তন করেন। ওই সব মুঠোফোন নম্বর ট্র্যাকিং করে পুলিশের সাদা পোশাকে বেশ কয়েকটি টিম ঢাকা ও চাঁদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। গতরাতে নাজমা সদরের তরপুরচন্ডি এলাকায় যান। সেখান থেকে গভীর রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আরেক আসামি রফিক ভূঁইয়াকে (৪২) গতকাল বিকেলে চাঁদপুরের লঞ্চঘাট থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকা থেকে চাঁদপুরগামী একটি লঞ্চ থেকে নামার সময় তিনি গ্রেপ্তার হন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এনায়েতউদ্দিনের ভাষ্য, হত্যাকাণ্ডের পরদিন কোহিনুরের ভাই আব্দুল মালেক মোহন বাদী হয়ে রোববার রাতে চাঁদপুর মডেল থানায় ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে প্রধান আসামি করা হয় নাজমা আক্তার নয়নকে (৪২)। বাকি আসামিরা হলেন, নাজমার স্বামী আলমগীর হোসেন (৪৮), নাজমার তিন ভাই আব্দুর রাজ্জাক ঢালী (৪৮), ফজল ঢালী (৫০), হারুনুর রশিদ (৪৩) ও রফিক ভূইয়া (৪২)।

গত শনিবার রাতে কোহিনুর বেগমকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান প্রতিবেশী নাজমা আক্তার নয়ন। পরে তাঁর ঘরে খাটের নিচে কোহিনুরের গলা কাটা লাশ পাওয়া যায়। ঘটনার পর থেকে নাজমা পলাতক ছিলেন।

চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ সদস্যসচিব মাসুদা নূর খান বলেছেন, কোহিনুর জেলা মহিলা আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য ছিলেন।

আরও পড়ুন: