ধরা পড়লেন ভুয়া ভিসি
একটি মাইক্রোবাস ভাড়া করে বিভিন্ন এলাকা ঘুরে বেড়ান রাজশাহীর বাগমারার অর্জুনপাড়া গ্রামের মাওলানা রফিকুল ইসলাম। মাইক্রোবাসের সামনে রাষ্ট্রপতি, জাতিসংঘের মহাসচিব ও নিজের ছবিযুক্ত স্টিকার লাগিয়ে রেখেছেন। নিজেকে পরিচয় দেন অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে। নিজের কর্মকাণ্ড উপজেলা প্রশাসনকে জানাতে তিনি গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আসেন। এখানে এসেই তিনি ফেঁসে যান। তাঁকে পুলিশে দেওয়া হয়।
ইউএনও জাকিউল ইসলাম বলেন, গতকাল দুপুরে মাওলানা রফিকুল নিজেকে ওই ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিচয় দিয়ে তাঁর দপ্তরে আসেন। তাঁর সম্পর্কে আগ থেকে জানার কারণে তাঁকে বিভিন্ন প্রশ্ন করা হয়। একপর্যায়ে অসংলগ্ন কথাবার্তা বললে থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁর দপ্তর থেকে রফিকুলকে আটক করে নিয়ে যায়। একই সঙ্গে তাঁর ব্যবহার করা মাইক্রোবাস জব্দ করা হয়। তবে পুলিশের আগমন টের পেয়ে মাইক্রোবাসের চালক পালিয়ে যান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে বলা হয়েছে, ওই নামে কোনো ইসলামি বিশ্ববিদ্যালয় নেই। এ-সংক্রান্ত একটি চিঠি তাঁর দপ্তরেও পাঠানো হয়েছে। এর আগেও ওই বিশ্ববিদ্যালয়ের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন রফিকুল। একই অপরাধে দুইবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা ও উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তা বলেন, একটি বন্ধ এবতেদায়ি মাদ্রাসায় হঠাৎ করে ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন রফিকুল। এ নিয়ে ২০১২ সালের ১৪ জানুয়ারি প্রথম আলোয় সংবাদ ছাপা হলে প্রশাসন তাঁকে আটক করে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ওই নামে কোনো প্রতিষ্ঠান নেই বলে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। তবে কারাগার থেকে জামিনে এসে তিনি আবারও ওই বিশ্ববিদ্যালয়ের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা শুরু করেন। সপ্তাহখানেক আগে অর্জুনপাড়া এবতেদায়ি মাদ্রাসায় অর্থমন্ত্রীর নামে বহুতল ভবনের একটি ভিত্তিপ্রস্তরের ব্যানার ঝুলিয়ে প্রতারণা শুরু করেন।
এদিকে আটক হওয়ার আগে রফিকুল এই প্রতিবেদকের কাছে নিজের প্রতারণার কথা স্বীকার করেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন,এ বিষয়ে রফিকুলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। আজ বুধবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।