ঢাকায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১
ঢাকার দক্ষিণখানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। পুলিশের ভাষ্য, নিহত ব্যক্তি ডাকাত ছিলেন। কথিত ওই ডাকাতকে আগেই ডাকাতির সময় স্থানীয় লোকজন ধরে ফেলে পুলিশে দেন। পরে পুলিশ তাঁকে নিয়ে অভিযানে গেলে পালিয়ে থাকা অন্য ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধে জহিরুল ইসলাম নামের ডাকাত নিহত হন।
পুলিশের দক্ষিণখান জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মোল্লারটেকে প্রকৌশলী মো. মোতালেবের ছয়তলা বাড়ির দোতলায় গিয়ে পরিবারের সবাইকে বেঁধে ফেলে আটজনের ডাকাত দল। কিন্তু পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ডাকাতদের ঘিরে ফেলেন। তাঁরা ধাওয়া দিয়ে জহিরুলসহ পাঁচ ডাকাতকে ধরে পুলিশে সোপর্দ করেন। এ সময় ডাকাতদের কাছ থেকে তিনটি পিস্তল, দুটি চাপাতি ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়। তিন ডাকাত পালিয়ে যায়। আটক জহিরুলকে নিয়ে অন্য ডাকাতদের ধরতে গতকাল দিবাগত রাতে দিয়াবাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। তখন পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পাল্টাপাল্টি গোলাগুলির সময় গুলিবিদ্ধ হন জহিরুল। ঘটনাস্থল থেকে আরও একটি পিস্তল ও দুটি চাপাতি উদ্ধার করা হলেও অন্য ডাকাতেরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। গুলিবিদ্ধ জহিরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, এ অভিযানে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম ও পরিদর্শক (অপারেশন) নূর মোহাম্মদ আহত হয়েছেন।
এ ঘটনায় দক্ষিণখান থানায় মামলা হয়েছে জানিয়ে এসি মিজানুর রহমান বলেন, জহিরুলসহ ধরা পড়া চার ডাকাতের বাড়ি বৃহত্তর ময়মনসিংহ এলাকায়। তাদের মধ্যে একজনের বাড়ি বাগেরহাটে। পলাতক অন্য ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।