ধরাছোঁয়ার বাইরে মূল আসামিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে মা ও তিন মেয়েকে পুড়িয়ে হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গতকাল সোহাগপাড়া গ্রামে মানববন্ধন করেন এলাকাবাসী l ছবি: প্রথম আলো
টাঙ্গাইলের মির্জাপুরে মা ও তিন মেয়েকে পুড়িয়ে হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গতকাল সোহাগপাড়া গ্রামে মানববন্ধন করেন এলাকাবাসী l ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের মির্জাপুরে তিন মেয়েসহ একজন মাকে পুড়িয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন আটক সাতজনকে গতকাল শুক্রবার গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিন তাঁদের একজনের বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানানো হলেও এ বিষয়ে আদালতে কোনো শুনানি হয়নি।
এদিকে গত সোমবার হত্যাকাণ্ডের পর গতকাল শুক্রবার চার দিন পেরিয়ে গেছে। তবে এখনো হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট মামলার এজাহারভুক্ত ১০ আসামির কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত মঙ্গলবার মামলাটি করা হয়েছিল।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, চারজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় যে পেট্রল ব্যবহার করা হয়েছে, তা বিক্রির অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে চারজনকে। এই চারজন হলেন মির্জাপুরের মাছরাঙ্গা ফিলিং স্টেশনের ব্যবস্থাপক বরিশালের কাউনিয়া উপজেলার কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার মীর দেলোয়ার হোসেনের ছেলে মীর আজাদুল ইসলাম (৩২), কোষাধ্যক্ষ ঝালকাঠির রাজাপুর উপজেলার সুপ্তঘর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে আবুল বাশার (৩৫), সুপারভাইজার মির্জাপুরের রানাশাল গ্রামের আবদুল মান্নানের ছেলে ওয়াসিম মিয়া (২৮), লাইনম্যান একই উপজেলার কোদালিয়া গ্রামের মৃত মমিন আলীর ছেলে মো. আবদুল মান্নানকে (৫২) গ্রেপ্তার করা হয়। অপর তিনজন হলেন, হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন জাহাঙ্গীর আলমের খালাতো ভাই টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চালা গ্রামের সামান উদ্দিনের ছেলে বাদশা মিয়া (৩২), ফুফা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চানপুর টেকীবাড়ী গ্রামের (মৃত) সামান উদ্দিনের ছেলে নান্নু মিয়া (৪৫) ও বন্ধু মির্জাপুরের গোড়াই নয়াপাড়া গ্রামের সত্যেন্দ্র নাথ রায়ের ছেলে সুশান্ত কুমার রায় (৩০)।
ওসি আরও জানান, ওই সাতজনের মধ্যে পেট্রলপাম্পের চারজনকে আটক করা হয় গত বৃহস্পতিবার। আর ঘটনার পর বিভিন্ন সময় আটক করা হয় বাদশা, নান্নু ও সুশান্তকে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সুশান্ত জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ায় তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে গতকাল আদালতে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত বলেন, সুশান্তের রিমান্ড আবেদনের বিষয়ে গতকাল আদালতে শুনানি হয়নি।
গত বৃহস্পতিবার জাহাঙ্গীর আলমের ছোট ভাই মো. হানিফকে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। একই দিন পেট্রল বহনের বর্ণনা দিয়ে রিকশাচালক আলী হোসেন জেলা বিচারিক হাকিম লুনা ফেরদৌসের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।


এজাহারভুক্তরা সবাই লাপাত্তা: মামলার মূল আসামি জাহাঙ্গীর আলমসহ এজাহারভুক্ত কাউকেই এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ পরিস্থিতিতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। মামলার বাদী নিহত গৃহবধূ হাসনা বেগমের ভাই মোফাজ্জল হোসেন বলেন, এই আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তাঁরা দারুণ ক্ষুব্ধ ও হতাশ।
মফিজ উদ্দিন নামের এক গ্রামবাসী বলেন, ‘পুলিশ চাইলেই সবকিছু করতে পারে। এ বর্বরোচিত হত্যাকাণ্ডের হোতারা দ্রুত গ্রেপ্তার হবে বলে আমরা প্রত্যাশা করি।’
এক মাস আগে হত্যার পরিকল্পনা: ওসি গোলাম মোস্তফার দাবি, এক মাস আগে জাহাঙ্গীর হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল। হত্যাকাণ্ডের পরদিন জাহাঙ্গীরের বন্ধু আটক সুশান্ত কুমার রায় পুলিশের কাছে এমনই তথ্য দিয়েছেন।
বন্ধুসভা ও অন্যদের মানববন্ধন: খুনিদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে গতকাল বেলা সাড়ে ১১টায় মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রথম আলো মির্জাপুর বন্ধুসভা ও বিকেল সাড়ে চারটায় টাঙ্গাইল বন্ধুসভা মানববন্ধন করেছে। মির্জাপুরে অনুষ্ঠিত মানববন্ধনে বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক হাসেম সিকদার, সাধারণ সম্পাদক হাবেল মৃধা, সাংগঠনিক সম্পাদক রায়হান সরকার, সদস্য সবুজ সিকদার, শরীফুল ইসলাম, সাদ্দাম হোসেন, ওয়াকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিকেল পাঁচটার দিকে হত্যাকাণ্ডের স্থল সোহাগপাড়া গ্রামে সেখানকার বাসিন্দারা আরেকটি মানববন্ধন করেন। এতে স্ত্রী ও তিন মেয়েহারা মজিবর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও কয়েক শ মানুষ অংশ নেন।