ধরার কয়েক ঘণ্টা পর 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত!
রাজবাড়ীর পাংশা উপজেলায় গত বৃহস্পতিবার রাতে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। তবে এ ঘটনার মাত্র সাড়ে তিন ঘণ্টা আগে তাঁকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল।
নিহত ব্যক্তির নাম আবদুস সোবহান খান (৪৯)। উপজেলার মাছপাড়া ইউনিয়নের বুরুরিয়া গ্রামের আক্তার মাস্টারের আমবাগানে কথিত ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সোবহান লক্ষ্মণদিয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম সুজাত উল্লাহ খান ওরফে সোনাই।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াতের ভাষ্যমতে, ওই দিন রাত ১০টার দিকে আবদুস সোবহান মোটরসাইকেলে করে আসার সময় উপজেলার চরকলিমোহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর রাত দেড়টায় তাঁকে নিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় আক্তার মাস্টারের আমবাগানের কাছে পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে সোবহানকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বুক ও পেটের ছয় স্থানে গুলিবিদ্ধ হয়।
পুলিশের দাবি, বন্দুকযুদ্ধের স্থান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শ্যুটারগান, আটটি গুলি, ছয়টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া থানার ওসিসহ ছয়জন পুলিশ সদস্য আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানায়, সোবহানের বিরুদ্ধে পাংশা থানায় হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। গতকাল শুক্রবার দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
মাছপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বলেন, সোবহান ২০০১ সালের নির্বাচনের পর গাঁড়াল আওয়ামী লীগের সভাপতি হোসেনকে খুনসহ পাঁচ-সাতটি খুন-গুমের ঘটনায় জড়িত ছিলেন। তিনি তৎকালীন চারদলীয় জোটের সমর্থনে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।
জেলা বিএনপির সহসভাপতি আশরাফুল ইসলাম মিয়া বলেন, ‘আমি বিএনপিতে যোগ দেওয়ার পর সোবহানকে দলীয় কোনো কর্মকাণ্ডে অংশ নিতে দেখি নাই। তবে তিনি অস্ত্রধারী হিসেবে এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন।’