সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গত বুধবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটও এ অবস্থায় ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ হামলার জন্য ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করেছে ছাত্রলীগ। পুলিশ শিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে মা-মণি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম কুমার দাস ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি অঞ্জন রায়সহ সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মী। এ সময় হঠাৎ তিন-চারটি মোটরসাইকেলে করে কয়েকজন মুখোশধারী এসে ধারালো অস্ত্র দিয়ে উত্তমকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে উত্তমের দুই হাত, পা, পেটসহ শরীরের বিভিন্ন অংশ জখম হয়। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। উত্তম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকজন চিকিৎসক জানান, উত্তমের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। অবস্থার অবনতি ঘটায় বুধবার রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী ছাত্রলীগের নেতা মারুফ আহমেদ বলেন, ‘আমরা রেস্টুরেন্টে বসে নাশতা করার সময় আকস্মিক কয়েকজন মুখোশধারী এসে উত্তম কুমারকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।’
ছাত্রলীগের অপর নেতা অঞ্জন রায় অভিযোগ করেন, শিবিরের নেতা-কর্মীরা বেশ কিছুদিন ধরে উত্তম কুমার ও তাঁকে হুমকি দিয়ে আসছিলেন। তাঁরা উত্তমকে হত্যার উদ্দেশ্যে ও ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন।
তবে এ অভিযোগ অস্বীকার করেছে শিবির। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের প্রচার সম্পাদক আসাদুজ্জামান বাবলু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে উত্তমের ওপর হামলা হয়ে থাকতে পারে। এ ঘটনায় শিবিরের ন্যূনতম সংশ্লিষ্টতা নেই।
এ হামলার প্রতিবাদে বুধবার রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা রাস্তায় টায়ার জ্বালিয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। রাত পৌনে ১২টার দিকে সেখানে এক সমাবেশে ছাত্রলীগের নেতা অঞ্জন রায় এ ঘটনার জন্য শিবিরকে দায়ী করে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল সকালেও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। পরে সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া এসে দোষী ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং উত্তমের চিকিৎসার ব্যয়ভার বিশ্ববিদ্যালয় বহন করার আশ্বাস দিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা অবরোধ তুলে নেন। তবে তাঁরা অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে বলে ঘোষণা দেন।
এ অবস্থায় গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা বসে। সভা শেষে উপাচার্য সাংবাদিকদের জানান, ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বাইরে এ হামলার ঘটনা ঘটায় অধিকতর তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া আরও একটি কমিটি গঠন করা হয়েছে, তারা অভ্যন্তরীণ নিরাপত্তায় স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি সুপারিশ করবে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, এ হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেছেন। পরে রাতেই অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের স্কুল ও কলেজবিষয়ক সম্পাদক জাবেদুর রহমানকে বিস্ফোরকসহ গ্রেপ্তার করা হয়।