ধর্মঘটে অচল উত্তরাঞ্চলের পণ্য পরিবহনব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উত্তরাঞ্চলে গতকাল বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল হয়ে পড়েছে উত্তরবঙ্গের পণ্য পরিবহনব্যবস্থা। বগুড়ায় গত বুধবার উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংক লরি, কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এক সভা থেকে কাগজপত্র তল্লাশির নামে পুলিশের চাঁদাবাজি বন্ধসহ সাত দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দেয়।
উত্তরবঙ্গের স্থলবন্দরগুলো থেকে সারা দেশে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন বুধবার রাতে চট্টগ্রাম ও ঢাকা থেকে উত্তরাঞ্চলে ছেড়ে আসা পণ্যবাহী যানবাহনের চালক-শ্রমিকেরা। ধর্মঘটের সুযোগে এসব যানবাহনে চাঁদাবাজি হচ্ছে বলে অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
এদিকে অবিলম্বে ধর্মঘট প্রত্যাহার করা না হলে উত্তরাঞ্চল থেকে সারা দেশে চাল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন চালকল মালিকদের কেন্দ্রীয় সংগঠনের নেতারা। বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কে এম লায়েক আলী বলেন, সারা দেশে রেকর্ড চালের জোগান যায় উত্তরবঙ্গ থেকে। পণ্য পরিবহন বন্ধ থাকলে চাল সরবরাহ ব্যাহত হবে। মিলের চাল বিক্রি না হলে ধান কেনাও বন্ধ করে দেবেন মিল মালিকেরা। এতে ধানের দর পড়ে যাবে, অন্যদিকে সরবরাহ ঘাটতির কারণে চালের দাম বেড়ে যাবে।
গতকাল সকাল আটটার দিকে মাটিডালি মোড়ে রংপুরগামী সিমেন্টবাহী একটি ট্রাকের সহকারী মোহাব্বত আলী অভিযোগ করেন, এই মোড়ে পরিবহনশ্রমিক পরিচয়ধারী চার ব্যক্তি তাঁদের ট্রাকটি আটকানোর চেষ্টা করেন। পরে ২০০ টাকা নিয়ে ছেড়ে দেন। এ নিয়ে বগুড়ার শেরপুর থেকে মাটিডালি পর্যন্ত চার জায়গায় ৬০০ টাকা চাঁদা দিতে হয়েছে।
ধর্মঘট প্রত্যাহার নিয়ে বগুড়ার পুলিশ সুপারের (এসপি) সঙ্গে গতকাল বগুড়ার নেতাদের বৈঠক হয়েছে বলে জানান আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আবদুল মান্নান। তিনি বলেন, ‘তাঁকে আমরা জানিয়ে দিয়েছি সমস্যাটা শুধু বগুড়ার নয়, বসতে হলে ১৬ জেলার মালিক-শ্রমিকনেতাদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয়ভাবে বসতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।’
বগুড়ার এসপি মো. আসাদুজ্জামান বলেন, মালিক-শ্রমিক ঐক্যপরিষদের বগুড়ার নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁদের দাবি-দাওয়া নিয়ে শিগগির বিভাগীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান করা হবে।