ধর্মঘটে দুর্ভোগ, অ্যাম্বুলেন্সেও হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে গতকাল বুধবার সাধারণ মানুষ ব্যাপক দুর্ভোগে পড়ে। সড়কে গাড়ি দেখলেই শ্রমিকেরা হামলা-ভাঙচুর চালান, চালকদের মারধর ও অপদস্থ করেন। ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার চারমাথা-গোদারপাড়া এলাকায় একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়।
এদিকে সারা দেশে দুই দিন ধরে পরিবহন ধর্মঘটের পর গতকাল দুপুর থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে।
বগুড়ায় গতকাল সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরিবহন শ্রমিকেরা মারমুখী অবস্থানে ছিলেন। মহাসড়কের চারমাথা, তিনমাথা, মাটিডালি মোড়, বনানী মোড়সহ বেশ কিছু স্থানে টায়ার জ্বালিয়ে গাড়ি চলাচলে বাধা দেন। পাঁচজন প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, সকাল নয়টার দিকে মহাসড়কের গোদারপাড়া এলাকায় শ্রমিকদের হামলা-ভাঙচুরের কবলে পড়ে একটি অ্যাম্বুলেন্স। শ্রমিকেরা অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালিয়ে চালককে মারধর করেন। রোগীর সঙ্গে থাকা স্বজনদের অপদস্থ করেন। প্রায় আধা ঘণ্টা আটকে রাখার পর অনেক অনুরোধের পর অ্যাম্বুলেন্সটিকে ছেড়ে দেওয়া হয়।
অ্যাম্বুলেন্সের যাত্রী শাহজাহান আলী বলেন, ‘ছয় ভাই সপরিবারে চট্টগ্রামের ইপিজেড এলাকার পোশাক কারখানায় কাজ করি। মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে ছয় ভাই, চারজনের স্ত্রী এবং দুই শিশুসন্তানকে নিয়ে মঙ্গলবার রাতে রংপুরের উদ্দেশে রওনা হই।’
অ্যাম্বুলেন্সচালক সবুজ মিয়া বলেন, ‘শ্রমিকেরা কোনো কথা বলার সুযোগ না দিয়েই অ্যাম্বুলেন্সে হামলা করেন, নির্বিচারে ভাঙচুর করেন। আমাকে মারধর করেন এবং মুঠোফোন ও টাকাপয়সা কেড়ে নেন। প্রায় আধা ঘণ্টা আটকে রাখার পর ছেড়ে দিলে রোগী নিয়ে রওনা দিই।’
এ ছাড়া সকালের দিকে সংবাদপত্রবাহী দুটি গাড়িও মহাসড়কে ভাঙচুরের শিকার হয়। সকাল সাড়ে ১০টার দিকে তিনমাথা রেলগেট এলাকায় শ্রমিকনেতাদের পক্ষ থেকে গাড়ি ভাঙচুর না করার জন্য শ্রমিকদের প্রতি মাইকে অনুরোধ করা হচ্ছিল। বেলা ১১টার দিকে মাটিডালি মোড়ে পণ্যবাহী একটি ট্রাক শ্রমিকদের বাধার মুখে পড়ে। পরে শ্রমিকেরা তা মহাস্থানের দিকে ফিরিয়ে দেন। এ সময় সেখানে ৮-১০ জন পুলিশ সদস্য উপস্থিত থাকলেও তাঁরা নীরব ছিলেন।
এদিকে রাজশাহীতে গতকাল সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ ছিল। এমনকি নগরের ভেতরে ব্যাটারিচালিত অটোরিকশাও ঢুকতে দেননি শ্রমিকেরা। সকালে নগরের তালাইমারী মোড়ে গিয়ে দেখা যায়, পরিবহন শ্রমিকেরা মোড়ে অবস্থান নিয়েছেন। কোনো যানবাহন শহরে প্রবেশ কিংবা বের হতে পারছে না। যানবাহন না পেয়ে মানুষজন রাস্তায় দাঁড়িয়ে আছে। দূরের পথে যাত্রার জন্যও যাত্রীরা রিকশা, অটোরিকশায় উঠছে। এ জন্য তাদের দ্বিগুণ থেকে তিন গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে। বেলা ১১টার দিকে দেখা যায়, মোড়টি ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে। রিকশা, অটোরিকশা, মোটরসাইকেলও চলাচল করতে দেওয়া হচ্ছে না। অটোরিকশা থেকে যাত্রী নামিয়ে দেওয়া হচ্ছে। একপর্যায়ে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ।
নগরের চোদ্দপাই এলাকায় ডাক বিভাগের একটি গাড়িতে এবং তালাইমারী এলাকায় চিনিকলের গাড়িতে হামলার খবর পাওয়া গেছে। মঙ্গলবার থেকেই বন্ধ ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি রুটের বাস। গতকালও কোনো রুটেই বাস চলাচল করেনি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের সেকশন অফিসার ফজলুল হক। ফলে বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থানকারী শিক্ষক-শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসতে ভোগান্তি পোহাতে হয়েছে।