ধর্মান্তরিত মুক্তিযোদ্ধাকে হত্যায় 'জেএমবি সদস্য' গ্রেপ্তার
কুড়িগ্রামে ধর্মান্তরিত খ্রিষ্টান ও মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যার ঘটনায় আজ সোমবার ভোরে হাসান ফিরোজ (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে বিকেলে তাঁকে কুড়িগ্রামের মুখ্য বিচারিক হাকিম আদালতে নেওয়া হলে তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ বলছে, হাসান ফিরোজ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য। জেএমবিতে তাঁর ‘কোড নেম’ মোখলেছ।
গত ২২ মার্চ কুড়িগ্রাম পৌরসভার গাড়িয়াল পাড়া এলাকায় হোসেন আলীকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ আবু নাসির ওরফে রুবেল (২০) ও মাহাবুব হাসান ওরফে মিলন (২৮) নামের দুজনকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজনও জেএমবির সদস্য বলে দাবি করে পুলিশ। আদালতের মাধ্যমে তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তবারক উল্ল্যাহ বলেন, গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ ভোরে রংপুর জেলার কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে হাসান ফিরোজকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা তিন। হাসান ফিরোজের গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বাদাই ইউনিয়নের সারপুকুর গ্রামে। তিনি কুড়িগ্রাম সরকারি কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
এসপি বলেন, জেএমবি এ হত্যাকাণ্ডে জড়িত। ১০ থেকে ১২ জন চারটি দলে বিভক্ত হয়ে এ হত্যাকাণ্ড ঘটায়। তিনজন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত। জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।