ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হত্যার ঘটনায় মামলা

কুড়িগ্রাম শহরের গাড়িয়াল পাড়ায় ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলী (৬৮) হত্যার ঘটনায় আজ বুধবার সদর থানায় একটি মামলা হয়েছে। তাঁর ছেলে রাহুল আমিন আজাদ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলাটি করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জমির উদ্দিন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভিন্ন দিক সামনে রেখে তদন্ত অব্যাহত আছে।
জেলার পুলিশ সুপার মো. তবারক উল্লাহ বলেন, বিভিন্ন দিক সামনে রেখে তদন্ত অব্যাহত আছে। পুলিশের বিভিন্ন ইউনিট আলাদাভাবে তদন্ত করছে। তবে বলার মতো অগ্রগতি নেই।
আজ সকালে হোসেন আলীর গাড়িয়াল পাড়ার বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে তাঁর ছেলে রাহুল আমিন আজাদ ছাড়া কেউ নেই। গতকালই পরিবারের অন্যরা গ্রামের বাড়ি চর সিতাইঝাড়ে গেছেন।
এদিকে, পুলিশ গতকাল রাতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের মধ্যে তিনজনকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আর বাকি পাঁচজনকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হোসেন আলী নামের ধর্মান্তরিত খ্রিষ্টানকে গতকাল সকালে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী। ১৯৯৮ সালে তিনি খ্রিষ্টধর্ম গ্রহণ করেন বলে জানিয়েছেন তাঁর ছেলে রাহুল আমিন আজাদ।
আরও পড়তে ক্লিক করুন
এবার একই কায়দায় কুড়িগ্রামে ধর্মান্তরিত ব্যক্তিকে খুন