ধর্ষকের বিচার দাবিতে দীঘিনালায় মিছিল, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় আদিবাসী স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্রী ধর্ষণের ঘটনায় ছাত্রলীগের নেতা মো. শাহরিয়ার সোহেলকে গ্রেপ্তার করা হলেও ঘটনায় জড়িত মৎস্যজীবী লীগের তিন নেতাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এক সপ্তাহের মধ্যে তাঁদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
এর আগে বেলা ১১টায় দীঘিনালা বালিকা উচ্চবিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদের সামনে সমাবেশে যোগ দেয়।
উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রঞ্জন কুমার চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, উদালবাগান উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাক্যমুনি চাকমা, বাবুছড়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ননাধন চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি জহেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী এন্টি চাকমা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সহসভাপতি বাবলু ত্রিপুরা ও বাবুছড়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মুক্তা চাকমা প্রমুখ।
গত সোমবার রাতে দীঘিনালা বনবিহার থেকে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়িতে ফেরার পথে ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়।