ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আবদুল আওয়াল (৩১) নামের এক যুবককে গত রোববার গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রীর মা থানায় মামলা করেছেন।
মামলার এজাহার ও ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে ওই ছাত্রী। উপজেলার উকিয়ারা গ্রামের আওয়াল ওই ছাত্রীর পূর্বপরিচিত ছিল। গত ১০ মে ওই ছাত্রীকে আওয়াল জেলা শহরের পশ্চিম সেওতা এলাকায় তাঁর বন্ধু মো. ওয়াসিমের (৩৫) বাড়িতে বেড়াতে নিয়ে যান। এরপর সেখানে মেয়েটিকে ধর্ষণ করেন আওয়াল। এ দৃশ্য মুঠোফোনে ধারণ করেন ওয়াসিম। এরপর তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়।
গত বুধবার ফেসবুকে ওই ভিডিওচিত্র দেখতে পান মেয়েটির এক মামা। এরপর রোববার বিষয়টি থানায় জানানো হয়। পরে ওই দিন সন্ধ্যায় আওয়ালকে আটক করে পুলিশ। গতকাল সোমবার মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে রোববার রাতে পুলিশি হেফাজতে থাকা আওয়াল প্রথম আলোকে জানান, তিনি ওই মেয়েটিকে বিয়ে করেছেন। ভিডিও ধারণ ও তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, এ ঘটনায় রোববার রাতে আওয়াল ও ওয়াসিমকে আসামি করে মেয়েটির মা মামলা করেছেন। গতকাল আদালতের মাধ্যমে আওয়ালকে কারাগারে পাঠানো হয়েছে। ওয়াসিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।