ধর্ষণ ও হত্যার পর ঘরে পুঁতে রাখা হয় শিশুর লাশ!
নিখোঁজ হওয়ার তিন দিন পর রংপুরের পীরগঞ্জে প্রতিবেশীর বাড়ির ঘরের মেঝে খুঁড়ে পাওয়া গেল তানজিলা খাতুন (৭) নামের এক শিশুর লাশ। গতকাল শুক্রবার দুপুরে পীরগঞ্জ থানার পুলিশ রামনাথপুর ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের আবদুল মমিনের বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবদুল মমিনের ছেলে রিয়াদ প্রধানকে (১৮) পুলিশ আটক করেছে। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, শিশু তানজিলাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশ ঘরের মেঝের মাটি খুঁড়ে পুঁতে রাখেন। রিয়াদ পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ জানায়, তানজিলা পীরগঞ্জের দুরামিথিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা শাহাজান আলী একজন কৃষক। তিন মেয়ে ও এক ছেলের মধ্যে তানজিলা সবার ছোট। গত মঙ্গলবার দুপুর থেকে তানজিলার হদিস পাওয়া যাচ্ছিল না।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে রিয়াদকে সঙ্গে নিয়ে তাঁর চাচাতো ভাই হাসান আলী ও রামনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী পীরগঞ্জ থানায় গিয়ে পুলিশকে জানান, নিখোঁজ শিশু তানজিলাকে হত্যার পর লাশ ঘরের মেঝেতে পুঁতে রেখেছেন রিয়াদ। এরপর পুলিশ রিয়াদকে জিজ্ঞাসাবাদ করে তাঁর শোবার খাটের নিচের মাটি সরিয়ে তানজিলার অর্ধগলিত লাশ উদ্ধার করে।
আটক রিয়াদের উদ্ধৃতি দিয়ে পীরগঞ্জ থানা-পুলিশ জানায়, গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে রিয়াদের বাড়ির পাশে আম কুড়াতে যায় তানজিলা। এ সময় আম দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে বাড়ির ভেতরে ডেকে নিয়ে যান রিয়াদ। একপর্যায়ে শোবার ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন। শিশুটি ঘটনা ফাঁস করে দিতে পারে—এই ভয়ে রিয়াদ তার গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করার পর লাশ ঘরের খাটের নিচে মাটিতে পুঁতে রাখেন। ঘটনার দিন রিয়াদের বাবা-মা বাড়িতে ছিলেন না বলে রিয়াদ পুলিশকে জানিয়েছেন।
রিয়াদের চাচাতো ভাই শিক্ষক হাসান আলী বলেন, ‘গত বৃহস্পতিবার বিকেলে রিয়াদের মা বাড়িতে ফিরে এসে ছেলের ঘরের খাটের নিচে মাটি খোঁড়া দেখতে পেয়ে ছেলেকে এ বিষয়ে প্রশ্ন করেন। এ সময় রিয়াদ মাকে সব ঘটনা খুলে বললে আমরা রিয়াদকে সঙ্গে করে নিয়ে পীরগঞ্জ থানায় যাই।’
তানজিলার লাশ উদ্ধারের খবর পাওয়ার পরই তাঁর মা সুফিয়া বেগম বাড়িতে সংজ্ঞা হারিয়ে ফেলেন। তাঁর বাবা শাহাজান আলীও নির্বাক হয়ে পড়েছেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ঘটনার সঙ্গে আর কেউ জড়িত ছিল কি না তা রিয়াদকে জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
লাশ উদ্ধার: গতকাল শুক্রবার ভোরে পীরগাছা উপজেলার আমডারা গ্রামে রুবেল মিয়া (২৩) নামে এক সেলুন কর্মচারীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রুবেলের মা হোসনে আরা জানান, তাঁর ছেলে ঢাকায় একটি সেলুনের দোকানে কাজ করতেন। গত এক সপ্তাহ হলো ছুটিতে রুবেল বাড়িতে আসেন। গত বৃহস্পতিবার রাতে বাইরে বের হয়ে আর বাড়িতে ফেরেননি। বাড়ির পাশে একটি জমিতে গতকাল তাঁর লাশ পাওয়া যায়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশে আঘাতের একাধিক চিহ্ন আছে। তাতে মনে হয় তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।