ধর্ষণ, চিনে ফেলায় ছুরিকাঘাত
ব্রাহ্মণবাড়িয়ায় এক গৃহবধূ (২৮) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় এক দুর্বৃত্তকে চিনে ফেলায় সে গৃহবধূর গোপনাঙ্গে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার, গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে মুখে কাপড় বাঁধা তিন দুর্বৃত্ত কলাপসিবল গেট ও কাঠের দরজা ভেঙে গৃহবধূর বাড়িতে ঢোকে। পরে গৃহবধূর হাত-পা ও মুখ বেঁধে একজন তাঁকে ধর্ষণ করে। ধস্তাধস্তিতে কাদির নামের এক ব্যক্তির মুখোশ খুলে গেলে তাকে চিনে ফেলেন গৃহবধূ। তখন কাদির গৃহবধূর গোপনাঙ্গে ছুরিকাঘাত করে। এরপর দুর্বৃত্তরা আলমারি থেকে প্রায় তিন লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার ও দুটি মুঠোফোন লুটে পালিয়ে যায়। গৃহবধূ শরীরের বাঁধন খুলে চিৎকার করলে বাড়ির অন্য একটি কক্ষ থেকে শ্বশুর-শাশুড়ি এবং প্রতিবেশীরা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে অবস্থার অবনতি ঘটলে গতকাল বুধবার দুপুরে ঢাকায় পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তৌফিক আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ছুরিকাঘাতে গৃহবধূর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। কোনোভাবেই তা বন্ধ করা সম্ভব না হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে তাঁকে।
গৃহবধূর শাশুড়ি অভিযোগ করেন, কাদির এলাকার চিহ্নিত ডাকাত। তাঁর বাড়ি সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামে। কিন্তু তাঁদের গ্রামে কাদিরের এক প্রভাবশালী আত্মীয় রয়েছেন। ওই আত্মীয়র আশ্রয়-প্রশ্রয়ে কাদির সেখানে ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বলেন, ধর্ষণের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা বাড়িটিতে ঢুকেছিল বলে তাঁদের ধারণা। সুযোগ বুঝে ডাকাতি করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। চেষ্টা চলছে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের।
গতকাল গৃহবধূর বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির কলাপসিবল গেট, কাঠের দরজা ভাঙা। গৃহবধূ যে কক্ষে থাকতেন, সেটার মেঝেতে রক্তের দাগ।