ধর্ষণ : নেত্রকোনায় দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় দুটি ধর্ষণ মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম আবুল কাশেম ওই দুটি মামলার রায় দেন। 

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধারা গ্রামের মো. শফিকুল ইসলাম (২৫) ও সদর উপজেলার হাপানিয়া গ্রামের মো. কাজল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, শফিকুল ২০১২ সালে ২৩ জুন পূর্বধলা উপজেলার এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। পরদিন মেয়েটি বাদী হয়ে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। তদন্ত শেষে পূর্বধলা থানার পুলিশ ওই বছরের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ শফিকুলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। মামলার পর থেকেই শফিকুল পলাতক রয়েছেন।
অপর দিকে, ২০১১ সালের ২০ জুলাই সদর উপজেলার এক গৃহবধূর ঘরের বেড়া কেটে ঢুকে তাঁকে ধর্ষণ করে কাজল। এরপর ২৪ আগস্ট ওই গৃহবধূ বাদী হয়ে কাজলকে আসামি করে আদালতে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা একই বছরের ২৭ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে কাজলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।