ধর্ষণ মামলা করায় বাড়িঘর ভাঙচুর, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ধর্ষণ মামলা করায় আসামিপক্ষের লোকজন বাদীপক্ষের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা দুটি গরু নিয়ে যায়।
ধর্ষণের শিকার ওই ছাত্রীর পরিবার ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী ঋষেরচর গ্রামের রুবেল প্রেমের ফাঁদে ফেলে ১০ অক্টোবর রাতে এক কলেজছাত্রীকে ধর্ষণ করে। ধর্ষণকারীর লোকজনের হামলার ভয়ে পাঁচটি পরিবারের শিশু-নারীসহ অন্তত ২৫ জন পালিয়ে বেড়াচ্ছে।
ওই ছাত্রীর নানি (৭০) জানান, তাঁর নাতনিকে ধর্ষণের ঘটনা বাড়ির লোকজন জানার পর স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে এক ছেলের সঙ্গে নাতনির বিয়ে ঠিক করা হয়। ২ নভেম্বর বিয়ের দিন ছিল। কিন্তু রুবেল কৌশলে বিয়েটি ভেঙে দেয়। স্থানীয় লোকজন তাঁকে (রুবেল) ধরে পিটুনি দেয়। তাঁর নাতনি নিজে বাদী হয়ে গত শুক্রবার রুবেলকে আসামি করে আড়াইহাজার থানায় মামলা করে। এ ঘটনার পর শনিবার রাতে রুবেলের ভাই পাভেল ২০-২৫ জন লোক নিয়ে নাতনি ও নানার বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। একপর্যায়ে তাদের গোয়ালে থাকা একটি কালো রঙের ষাঁড় ও একটি সাদা রঙের অস্ট্রেলিয়ান গাভি লুট করে নিয়ে যায়। পরে সন্ত্রাসীরা গাভিটি জবাই করে ভূরিভোজ করে।
মেয়েটির এক মামা জানান, মামলা করায় আসামিপক্ষের লোকজন রাজনৈতিক প্রভাব খাটিয়ে উল্টো তাঁদের তিনজনের বিরুদ্ধে একটি মারপিটের মামলা করেছে। ওই মামলায় ছাত্রীর বাবাকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
মামলার বাদী ওই ছাত্রী বলে, ‘থানায় মামলা করায় আমিসহ আমার পরিবার ও চার মামার পরিবারের লোকজনকে এখন পালিয়ে বেড়াতে হচ্ছে।’
এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর জানান, হামলা ও লুটপাটের ঘটনায় গতকাল পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। ধর্ষণের শিকার পরিবারের লোকজন পালিয়ে বেড়ানোর ঘটনাটি তদন্ত করা হবে। আসামি রুবেলকে অচিরেই গ্রেপ্তার করা হবে বলে তিনি আশ্বাস দেন।