ধর্ষণ মামলা তুলে নিতে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ধর্ষণের মামলা তুলে নিতে এক কিশোরীকে (১৭) বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন করা হয়েছে। গত মঙ্গলবার বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রূপাতলী এলাকার আলতাফ উদ্দিন হাওলাদারের বাড়ির খুঁটির সঙ্গে শিকল দিয়ে বাঁধা অবস্থায় মেয়েটিকে উদ্ধার করা হয়।
নির্যাতনের ঘটনায় জড়িত অভিযোগে আলতাফের স্ত্রী হোসনেয়ারা বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে আলতাফ ও তাঁর তিন ছেলে পলাতক।
২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আহম্মেদ বলেন, গত সোমবার রাতে কিশোরীকে খুঁটিতে বেঁধে প্রচণ্ড মারধর করা হয়। খবর পেয়ে মঙ্গলবার তিনি গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে দেন।
কোতোয়ালি থানার পুলিশ জানায়, আলতাফের ছেলে শাহাদাত হোসেন (২৫) গত ২ জুন বন্ধুদের নিয়ে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালায় শাহাদাত। ওই ঘটনায় মেয়েটি মামলা করে। সোমবার মেয়েটিকে ডেকে এনে ওই মামলা প্রত্যাহারের জন্য চাপ দেন আলতাফ। মেয়েটি অস্বীকৃতি জানালে আলতাফ তাঁর তিন ছেলেকে নিয়ে শিকল ও দড়ি দিয়ে বেঁধে তাকে রাতভর মারধর করেন। পরদিন তাকে উদ্ধার করা হয়।