ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে চাপ দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে একটি ধর্ষণ মামলা তুলে নিতে বাদী ও তাঁর পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার সকালে মামলার বাদী কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মামলার বাদী বলেন, গত ১৮ এপ্রিল বিকেলে তাঁর বোনকে (৫ম শ্রেণির ছাত্রী) ধর্ষণ করে সিদ্দিক নামের এক ব্যক্তি। এ ঘটনায় পরদিন তিনি সিদ্দিককে আসামি করে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন। এরপর থেকে মামলাটি তুলে নিতে বিভিন্নভাবে তাঁর ওপর চাপ সৃষ্টি করছেন আসামিপক্ষের লোকজন। গত রোববার সন্ধ্যায় আসামির পক্ষ হয়ে কয়েকজন ব্যক্তি বাড়িতে ঢুকে তাঁকে, তাঁর শ্বাশুড়ি ও ননদের স্বামীকে মারধর করে।
মামলার বাদী বলেন, মামলার ব্যাপারে আপস করে দিতে স্থানীয় প্রভাবশালী কয়েকজনকে টাকা দিয়েছে আসামিপক্ষ। আসামির পক্ষ নিয়ে তারা তাঁদের ২ লাখ টাকা দেওয়ারও প্রস্তাব দিয়েছে। বাদীর অভিযোগ, মামলার পর এক মাসের বেশি সময় পার হয়ে গেলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, আসামি পালিয়ে যাওয়ায় তাঁকে ধরা যাচ্ছে না। তা ছাড়া ওই মামলার তদন্ত কর্মকর্তা সম্প্রতি বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। নতুন করে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে। তিনি জানান, মামলা তুলে নিতে বাদীকে চাপ দেওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে।