ধর্ষণ মামলা থেকে বাঁচতে বিয়ে, এরপর হত্যা!
মর্মান্তিক এক ঘটনার মধ্য দিয়ে শুরু হয়েছিল লাভলী আক্তারের (১৮) সংসার। মাত্র আড়াই মাসের মাথায় সেই সংসার শেষ হলো আরও মর্মান্তিকভাবে। জীবন দিতে হলো লাভলীকে!
হবিগঞ্জের বাহুবল উপজেলার স্কুলছাত্রী লাভলী। তিনি বিয়ে করেছিলেন স্থানীয় যুবক আবদুর নুরকে। এর আগে গত অক্টোবরে লাভলীকে ধর্ষণের অভিযোগে তাঁর মায়ের করা মামলায় জেলে যান আবদুর নুর। কারাগারে থাকা অবস্থায় লাভলীকে বিয়ে করতে রাজি হন তিনি। পরে জামিনে মুক্তি পেয়ে গত নভেম্বরের শেষ দিকে বিয়ে করেন। বিয়ের আড়াই মাসের মাথায় গত শনিবার রাতে শ্বশুরবাড়িতে মৃত্যু হয় লাভলীর। তাঁর মায়ের অভিযোগ, নির্যাতন করে লাভলীকে হত্যা করেছেন স্বামী নুর।
নিহত লাভলীর মা আঙরা খাতুন গত সোমবার রাতে বাহুবল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় লাভলীর স্বামী আবদুর নুরসহ তাঁর পরিবারের ছয় সদস্যকে আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ নুরের পাঁচ দিনের রিমান্ড চেয়েছে। আজ বুধবার রিমান্ড শুনানি হবে।
বাহুবল উপজেলার পুঁটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) গৌরাঙ্গ দাস বলেন, রোববার সকালে উপজেলার দক্ষিণ ডুবাঐ গ্রামের নুরের বাড়ি থেকে লাশ উদ্ধারের সময় লাভলীর গলায় ওড়না প্যাঁচানো ও শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন ছিল। লাশ বিছানার ওপর পড়ে ছিল।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, উপজেলার মন্ডলকাপন গ্রামের লাভলীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে চার মাস আগে আবদুর নুরের বিরুদ্ধে মামলা করেন লাভলীর মা আঙরা খাতুন। গত অক্টোবরে আবদুর নুরকে গ্রেপ্তার করা হয়। কারাগারে থাকা অবস্থায় লাভলীকে বিয়ে করতে রাজি হন নুর। পরে জামিনে মুক্তি পেয়ে গত নভেম্বরের শেষ দিকে লাভলীকে বিয়ে করেন তিনি।
আঙরা খাতুন অভিযোগ করেন, বিয়ের এক মাস পর থেকেই আবদুর নুর ও তাঁর পরিবারের সদস্যরা তাঁর মেয়েকে নির্যাতন শুরু করেন। গত শনিবার রাতে নুর ও তাঁর পরিবারের লোকজন লাভলীকে নির্যাতন করেন। এতে তিনি মারা যান। পরে রাত আড়াইটার দিকে নুর মুঠোফোনে শাশুড়িকে জানান, লাভলী গুরুতর অসুস্থ। আঙরা খাতুন মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে তাঁর শোবার ঘরের বিছানায় লাভলীর লাশ পান। নুর বাড়িতে থাকলেও তাঁর পরিবারের অন্যরা পালিয়ে যান।
পুলিশ রোববার অভিযুক্ত আবদুর নুরকে আটক করে ৫৪ ধারায় আদালতে পাঠায়। গত সোমবার রাতে মামলা হলে তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গতকাল তাঁর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেছে পুলিশ।
তবে অভিযুক্ত আবদুর নুর বলেন, পারিবারিক কলহের জের ধরে লাভলী ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি কোনো নির্যাতন করেননি।
ওসি মনিরুজ্জামান বলেন, আসামি বর্তমানে কারাগারে আছেন। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর বিস্তারিত জানা যাবে।