ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
ধর্ষণ মামলায় বগুড়ার শেরপুর থানার পুলিশ রবিউল হাসান (৩৫) নামের এক ব্যক্তিকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও হামছায়াপুর গ্রামের বাসিন্দা।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হুদা বলেন, রবিউল হাসানকে নারী ও শিশু নির্যাতন দমন এবং তথ্য ও প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় শুক্রবার রাত আটটার দিকে হামছায়াপুর গ্রামের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলার বাদী উপজেলার আনদিকুমড়া গ্রামের এক নারী (২৭)। সম্প্রতি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (২) আদালতে চারজনকে আসামি করে মামলা করলে আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার রাতে মামলাটি থানায় এজাহার হিসেবে রেকর্ড করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রবিউল হাসান মামলার বাদীর সন্তানের গৃহশিক্ষক ছিলেন। চলতি বছরের ২৫ জানুয়ারি বিকেলে তিনি কৌশলে ওই নারীকে তাঁর বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ওই বাড়িতে থাকা আরও তিনজন তাঁদের মুঠোফোনে এ ঘটনার ভিডিওচিত্র ধারণ করেন। পরে ২৭ জানুয়ারি রাতে রবিউল হাসান ওই নারীর কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে মুঠোফোনের ভিডিওচিত্র ইন্টারনেটে ছেড়ে দেওয়ার এবং তাঁর সন্তানকে অপহরণ করার হুমকি দেন। ওই গৃহশিক্ষকের মতো একই কৌশলে অন্য তিন আসামিও তাঁকে হুমকি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাকিবুল হুদা বলেন, রবিউল হাসান এই মামলার প্রধান আসামি। তাঁকে গ্রেপ্তারের পর তিনি পুলিশের কাছে ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ভিডিও করার ও পাঁচ লাখ টাকা দাবির কথা অস্বীকার করেন।
শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম গ্রেপ্তার রবিউল হাসানের দলীয় পদের কথা নিশ্চিত করে বলেন, এ ধরনের ঘটনা দলকে স্থানীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত করবে। পুলিশি তদন্তে জড়িত থাকলে তিনি তাঁর সঠিক বিচার দাবি করেন।