ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের প্রতিবন্ধী সেলিনা ধর্ষণ মামলার মূল আসামি আবু সাঈদকে থানা-পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার সকালে পার্শ্ববর্তী কোনাবাড়ী গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল সরদার বলেন, গত শুক্রবার প্রতিবন্ধী সেলিনা ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় তাঁর বড় ভাই মোকাদ্দেছ আলী আবু সাঈদকে প্রধান আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন ও হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আবু সাঈদ পলাতক ছিলেন। গতকাল গোপন তথ্যের ভিত্তিতে একই উপজেলার কোনাবাড়ী গ্রামের এক আত্মীয়র বাড়ি থেকে আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, গ্রেপ্তারের পর আবু সাঈদ পুলিশের কাছে সেলিনাকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।
সিরাজগঞ্জ জেলার সিভিল সার্জন দেবব্রত রায় বলেন, অফিস বন্ধ থাকায় সেলিনা হত্যার ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা যায়নি। আজ রোববার এই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের মৃত বশির উদ্দিনের মেয়ে ধর্ষণের শিকার ও অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী সেলিনাকে গত ৩১ ডিসেম্বর অসুস্থ অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুরে তিনি মারা যান।