ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে ব্যর্থ, তদন্ত কর্মকর্তা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

বগুড়ার ধুনটে স্কুলছাত্রীকে (১৩) অপহরণ ও ধর্ষণের ঘটনায় হওয়া মামলার আসামি গ্রেপ্তারের ব্যর্থ হওয়ায় তদন্তকারী পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আহসানুল হককে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

এ সম্পর্কে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ওই মামলায় আসামিদের গ্রেপ্তারে ব্যর্থ হওয়ায় পুলিশ সুপারের নির্দেশে তদন্ত কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

গত ১২ আগস্ট অপহৃত ওই ছাত্রীর মা বাদী হয়ে ধুনট থানায় মামলাটি করেন। এজাহারে বলা হয়, মাসুদ রানা (৩৫) নামের এক যুবক ওই ছাত্রীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিলেন। ১৬ জুলাই নানাবাড়িতে যাওয়ার পথে ছাত্রীকে জোর করে অটোরিকশায় তুলে নিয়ে যান মাসুদ রানা ও তাঁর সহযোগীরা। এই ঘটনায় মাসদু রানা, গোপালনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হকসহ সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়।

ছাত্রীটির মা বলেন, অপহরণের ১ মাস ৯ দিন পর সিরাজগঞ্জ থেকে মেয়েটিকে উদ্ধার করেন তাঁর বাবা ও এলাকার মানুষ। আসামিদের গ্রেপ্তার ও বাদীকে সহযোগিতা করতে কোনো ভূমিকা রাখেননি মামলার তদন্তকারী কর্মকর্তা আহসানুল হক।

ছাত্রীর মা আরও জানান, মেয়েকে উদ্ধারের পর থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মামলা তুলে নিয়ে মীমাংসা করতে চাপ দেন। মামলা তুলে নেওয়ার জন্য তাঁর কাছ থেকে জোর করে সাদা কাগজেও স্বাক্ষর নেওয়া হয়েছে। পুলিশের সহযোগিতা না থাকায় অনেকটা বাধ্য হয়েই সাদা কাগজে স্বাক্ষর দিয়েছেন তিনি।

এসব অভিযোগের বিষয়ে আহসানুল হক জানান, আসামিদের গ্রেপ্তার করতে অনেক চেষ্টা করা হয়েছে। বাদীকে সহযোগিতার কোনো কমতি ছিল না। হেয়প্রতিপন্ন করার জন্য তাঁর বিরুদ্ধে এসব মিথ্যা কথা বলা হচ্ছে।