ধর্ষণ মামলার আসামিকে বাঁচাতে সাবালিকা প্রমাণ, গ্রেপ্তার ১

ধর্ষণ মামলার আসামিকে রক্ষা করতে নাবালিকাকে সাবালিকা প্রমাণের জন্য ভুয়া সনদ ইস্যু করার অভিযোগে সাবেক এক কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার টাঙ্গাইল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মেহেদী হাসান ওরফে মিঞ্জু। তিনি টাঙ্গাইলের মধুপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর।
দুদক সূত্র জানায়, ২০১৪ সালের ৪ ডিসেম্বর মধুপুর থানায় ধর্ষণের মামলা হয়। আদালত ওই মামলা তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেন। তদন্তকালে দেখা যায়, ধর্ষণের শিকার ওই কিশোরীকে সাবালিকা প্রমাণের জন্য একটি ভুয়া জন্মসনদ ইস্যু করেন ওই কাউন্সিলর। আসামি জনপ্রতিনিধি হওয়ায় বিষয়টি তদন্তের জন্য দুদকে পাঠানো হয়। দুদকের তদন্তেও বিষয়টি প্রমাণিত হওয়ায় মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। দুদকের টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের উপরিচালক মো. তৌফিকুল ইসলামের নেতৃত্বে উপসহকারী পরিচালক মোস্তফা বোরহান উদ্দিন শহরের কল্লোল মোড় থেকে আসামিকে গ্রেপ্তার করেন।