ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে শেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন হয়। ছবি: দেবাশীষ সাহা রায়
ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে শেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন হয়। ছবি: দেবাশীষ সাহা রায়

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কলেজছাত্রীকে (১৬) ধর্ষণের ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শেরপুরে মানববন্ধন হয়েছে। শেরপুরের সচেতন ছাত্র-ছাত্রীবৃন্দের ব্যানারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে।

পরে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) কাছে স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনে বক্তব্য দেন স্কুলশিক্ষক বাবুল মিয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, কলেজশিক্ষার্থী হাসিনা জাহান ও সাবেক ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী।

মানববন্ধনে বক্তারা ধর্ষণ মামলার প্রধান আসামি শামীম মিয়া ও ইউপি চেয়ারম্যান আবদুল বারীসহ সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য জেলা ও পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান।

শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গনি বলেন, ধর্ষণ মামলার সব আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতিমধ্যে জেলা সদর হাসপাতালে ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। দু-এক দিনের মধ্যেই ছাত্রীর বয়স নির্ধারণ পরীক্ষা ও বিচারিক হাকিমের কাছে তাঁর জবানবন্দি গ্রহণ করা হবে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি শামীম মিয়া ওই কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে ২০ সেপ্টেম্বর শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চারজনের বিরুদ্ধে মামলা করেন।