ধর্ষণ মামলার আসামির উৎপাতে স্কুলে যাওয়া বন্ধ কিশোরীর
এজাহারভুক্ত আসামির উৎপাতে ধর্ষণের শিকার এক কিশোরীর পড়াশোনা বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর বাবা আজ বুধবার প্রথম আলোকে বলেন, গত এপ্রিলে স্থানীয় সাফকাত হোসেন ওরফে সিয়াম ও সাইদুল ইসলাম ওরফে তপু নামের দুই বখাটে তাঁর মেয়েকে ধরে ৬৪২/১ পশ্চিম শেওড়াপাড়ায় নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই দুজনকে আসামি করে মিরপুর থানায় ধর্ষণের মামলা করা হয়। সাফকাত গ্রেপ্তার হলেও কিছুদিন আগে জামিনে সে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এখন সহযোগীদের নিয়ে সাফকাত তাঁর মেয়েকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করছে এবং নানা ধরনের ভয়ভীতি দেখাচ্ছে।
মেয়েটির বাবা অভিযোগ করেন, সাফকাতের উৎপাত ও ভয়ভীতির কারণে তাঁর মেয়ে স্কুলে যেতে পারছে না। ফলে মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে গেছে এখন। এ অবস্থায় তাঁর মেয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। পুলিশকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তা ছাড়া পুলিশ অপর এজাহারভুক্ত সাইদুলকে দুই মাসেও গ্রেপ্তার করতে পারেনি।
মেয়েটির বাবা বলেন, তিনি ফুটপাতে ডাব বিক্রি করেন সংসার চালান। বখাটে সাফকাত ও তাঁর সহযোগীরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। এ অবস্থায় তিনি শঙ্কিত।
জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী মেয়ের বাবাকে থানায় গিয়ে এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দিয়ে প্রথম আলোকে বলেন, জিডি করার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।