ধর্ষণ মামলার বাদীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণ মামলার বাদী নূরজাহান বেগম (৪০) নামের এক নারীকে তাঁর মা ও শিশুসন্তানের সামনেই গলা কেটে হত্যা করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নূরজাহান ওই গ্রামের মনজু মিয়ার স্ত্রী।
এ ঘটনায় নূরজাহানের ভগ্নিপতি ফারুক মিয়া বাদী হয়ে মনজু মিয়াসহ নয়জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় গতকাল রোববার হত্যা মামলা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল সন্ধ্যায় রাজাহার গ্রামের হায়দার আলী (৪৫) ও আলম মিয়ার স্ত্রী দোলেনা বেগমকে (৩৫) আটক করেছে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ জানায়, শনিবার রাতে ছয়-সাতজন দুর্বৃত্ত নূরজাহানের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা নূরজাহানের আট বছরের শিশু নুরুন্নবী ও বৃদ্ধ মা ছামাত্য বানুর (৬৫) হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে তাদের চোখের সামনেই নূরজাহানকে মাটিতে ফেলে গলা কেটে হত্যা করে চলে যায়। পুলিশ গতকাল দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর থেকে নূরজাহানের স্বামী মনজু মিয়া (৪৫) পলাতক রয়েছেন। মনজু মিয়া একই গ্রামের বাসিন্দা।
ছামাত্য বানু জানান, নূরজাহান তিন সন্তানের মা। স্বামীর সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়ে গেছে। নূরজাহান প্রায় পাঁচ বছর ধরে ছোট ছেলে নুরুন্নবীকে নিয়ে বাবার বাড়িতে থাকেন। গত বছরের ১৩ জুন নূরজাহান বাড়ির পাশে ছাগল চরাতে গেলে প্রতিবেশী মনজু মিয়া তাঁকে ধর্ষণ করেন। পরে মনজু বিয়ের প্রলোভন দিয়ে তাঁর সঙ্গে মেলামেশা করতে থাকেন। একপর্যায়ে নূরজাহান অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর চাপের মুখে চলতি বছরের ১৪ জানুয়ারি মনজু মিয়ার সঙ্গে নূরজাহানের বিয়ে নিবন্ধন করা হয়। কিন্তু পরে মনজু ছয় মাস বয়সী শিশু জাহিদুলকে সন্তানের স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান। এ ছাড়া সামাজিকভাবে বিয়ে সম্পন্ন করে নূরজাহানকে ঘরে তুলে নিতে টালবাহনা করেন মনজু মিয়া। নূরজাহান বাধ্য হয়ে চলতি বছরের ১৪ মার্চ মনজু মিয়ার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেন। ওই মামলায় গত ১৪ জুন আদালতে জামিন নিতে গেলে মনজু মিয়া গ্রেপ্তার হন। সম্প্রতি তিনি আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন।
রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। শিশুটিকে তার নানি ছামাত্য বানুর হেফাজতে রাখা হয়েছে।