ধর্ষণ মামলার সাক্ষীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
কিশোরগঞ্জের বাজিতপুর ডিগ্রি কলেজের এক প্রভাষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ধর্ষণের শিকার মেয়েটি বাদী হয়ে ওই প্রভাষকের বিরুদ্ধে এ অভিযোগ আনেন।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা বলেন, গতকাল দুপুরে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
পুলিশ জানায়, মেয়েটি ওই কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান শিউলী আক্তার ও দৈনিক বর্তমান পত্রিকার স্থানীয় প্রতিনিধি লুৎফুল কবির দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করেন। এ দম্পতি কলেজের কোয়ার্টারে বসবাস করে আসছেন। অভিযুক্ত প্রভাষক তাঁদের পাশের কোয়ার্টারেই থাকেন।
গত ২৬ সেপ্টেম্বর মেয়েটিকে স্থানীয় চার যুবক সড়ক থেকে তুলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই প্রভাষক বাদী হয়ে মামলা করেন। মামলার এক নম্বর সাক্ষী ছিলেন ওই প্রভাষক।
লুৎফুল কবির বলেন, গত সোমবার তিনি এবং তাঁর স্ত্রী বাসায় ছিলেন না। ধর্ষণের শিকার মেয়েটি জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রায়হান ঘরে ঢুকে তাঁকে মুখ বেঁধে ধর্ষণ করে।
মুঠোফোনে চেষ্টা করেও ওই প্রভাষকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাঁর স্ত্রী বলেন, ‘বিষয়টি রহস্যজনক। শিউলি ও লুৎফুল কবির চাচ্ছিলেন আমার স্বামী যেন তাঁদের কথামতো ধর্ষণ মামলার সাক্ষ্য দেন। কিন্তু আমার স্বামী মিথ্যা সাক্ষ্য দিতে রাজি হননি। ধারণা করছি, এ কারণেই আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’