ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি ১১ বছর পর গ্রেপ্তার
মাগুরায় ১১ বছর পলাতক থাকার পর ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আয়ুব হোসেনকে (৫০) গতকাল বুধবার ভোরে শ্রীপুর উপজেলার জোকা গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০০৬ সালের ২৮ নভেম্বর মাগুরা নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কাদের নেওয়াজ এক বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আয়ুব হোসেনকে যাবজ্জীবন সাজার আদেশ দেন। শহরের নিজনান্দুয়ালী এলাকায় ২০০৫ সালে এই ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আয়ুব হোসেন পলাতক ছিলেন।
সদর থানার এসআই মিলন হোসেন ও মামলার বাদী নির্যাতিতার মা জানান, প্রতিবন্ধী মেয়েটি পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং পাঁচ মাস পর ঘটনা জানাজানি হয়। এ সময় মেয়ের কাছ থেকে ঘটনা জেনে মেয়েটির মা মাগুরা আদালতে মামলা করেন। মামলায় বিচারক আয়ুব হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর বাবার স্বীকৃতিসহ ভরণপোষণ দেওয়ার আদেশ দেন। এ রায়ের ১১ বছর পর পলাতক আয়ুব হোসেনকে শ্রীপুর থানা-পুলিশের সহায়তায় মাগুরা সদর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল মাগুরা জেলা ও দায়রা জজ মাহফুজার বেগমের আদালতে সোপর্দ করা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।