ধর্ষণ মামলায় কারাগার থেকে বের হয়ে আবার ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারায় পোশাককর্মীকে (২২) ধর্ষণের অভিযোগে সিএনজিচালিত অটোরিকশার চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ধর্ষণের ঘটনাটি ঘটে।

গ্রেপ্তার ব্যক্তি হলেন উপজেলার মো. আরমান হোসেন (২০)। তিনি একটি ধর্ষণের মামলায় সাড়ে ৯ মাস কারাগারে থেকে সম্প্রতি বের হন।

ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল কেইপিজেডের একটি কারখানা থেকে বের হওয়ার পর ওই পোশাককর্মীকে ফুসলিয়ে নিয়ে যান সিএনজিচালিত অটোরিকশাচালক আরমান। সেখানে ধর্ষণের সময় জনতার হাতে ধরা পড়েন তিনি। পরে পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার করে। আরমানকে আটক ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।

আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ রুদ্র বলেন, আরমান হোসেন সম্প্রতি একটি ধর্ষণের মামলায় সাড়ে ৯ মাস কারাগারে থেকে বের হন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় আরমানকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণে সহায়তাকারী আরেক আসামি মো. রাশেদকে (৪০) খুঁজছে পুলিশ।