ধর্ষণকারীদের বিচারের দাবিতে পাংশায় মানববন্ধন
মা-মেয়ে ও এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার দুপুরে কলেজ রোডের দত্ত মার্কেটের সামনে দেড় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। সচেতন নাগরিক সমাজ এ কর্মসূচির উদ্যোক্তা।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম খান, পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মিয়া প্রমুখ। এ ছাড়া বক্তব্য দেন নির্যাতনের শিকার ওই মা। বক্তারা দুটি ঘটনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
৬ জানুয়ারি মা ও মেয়ে এবং ১৫ জানুয়ারি চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়। দুটি ঘটনাতেই থানায় মামলা হয়েছে। পুলিশ মা ও মেয়ের ধর্ষণের ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার করলেও ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।