ফেনীর দাগনভূঞায় শিশুশিক্ষার্থী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। এলাকার সর্বস্তরের বাসিন্দারাও মানববন্ধনে যোগ দেয়।
গতকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই মানববন্ধন চলে। মানববন্ধনে বক্তব্য দেন সিলোনীয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, সিলোনীয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান, স্থানীয় জায়লস্কর ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব মাঈন উদ্দিন প্রমুখ।
বক্তারা শিশুশিক্ষার্থী ধর্ষণের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এর আগে গত বুধবার সকালে একই দাবিতে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন করে।
৯ জুলাই রোববার বিকেলে দাগনভূঞা উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিশুশিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। শিশুটিকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই শিশুর চাচা বাদী হয়ে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে তিনজনকে আসামি করে মামলা করেছেন। শিশুটি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দাগনভূঞা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানায়, শিশুশিক্ষার্থী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তিনজন আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।