ধর্ষণচেষ্টা ও রগ কর্তনের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলার কেউনদিয়া গ্রামে ময়না আক্তার (২২) নামের এক নারীকে গত বুধবার বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা এবং হাত ও পায়ের রগ কর্তনের অভিযোগে মামলা হয়েছে।
ওই ঘটনায় বাবা ইমাম হোসেন মৃধা বাদী হয়ে ময়নার সাবেক স্বামী শহিদুল ইসলাম মৃধা (৩০) ও তাঁর ভাই নজরুল ইসলাম মৃধার (৪৭) নাম উল্লেখসহ চারজনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে মামলা করেন। শহিদুল ও নজরুলের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার বারুহার গ্রামে।
মামলার তদন্ত কর্মকর্তা ও কাউখালী থানার উপপরিদর্শক ওসমান গণি বলেন, শহিদুল ইসলাম মৃধা প্রথম বিয়ের কথা গোপন রেখে ময়নাকে দ্বিতীয় বিয়ে করেছিলেন। সম্প্রতি বিষয়টি জানতে পেরে শহিদুলের সঙ্গে ময়না বিবাহবিচ্ছেদ করেন। এ ঘটনায় শহিদুল ক্ষিপ্ত হয়ে ময়নাকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে হাত ও পায়ের রগ কেটে দেন। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নজরুলকে আটক করা হয়। তাকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শহিদুল ইসলাম পলাতক রয়েছেন।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, বুধবার রাত পৌনে নয়টার দিকে মুখোশ পরা চার ব্যক্তি বাড়ি থেকে ময়না আক্তারকে জোর করে তুলে নিয়ে যায়। স্থানীয় ব্যক্তিরা ময়নাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
গতকাল প্রথম আলোয় ‘পিরোজপুরে নারীর পায়ের রগ কর্তন’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।