ধর্ষণচেষ্টা মামলায় সাক্ষ্য দিতে যাওয়ার পথে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণচেষ্টা মামলায় আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে ১৯ এপ্রিল এক নারীকে গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বাগেরহাটের মোল্লাহাট থানায় ঘটা এ ঘটনায় আহত নারী এখন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।
ওই নারীকে তত্ত্বাবধানকারী হাসপাতালের সহযোগী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, গাড়িচাপায় ওই নারীর ডান পায়ের ওপরের ও নিচের দুটি স্থানের হাড় ভেঙে গেছে। তাঁর পায়ের ভাঙা স্থানে অস্ত্রোপচার করতে হবে। তার মাথায়ও আঘাত রয়েছে।
গতকাল বিকেলে পঙ্গু হাসপাতালে ওই নারী প্রথম আলোকে বলেন, ধর্ষণচেষ্টা মামলার আসামি সোবহান মোল্লা এখন তাঁর ১২ বছরের ছেলেকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন।
ওই নারীর স্বামী বলেন, তাঁদের পরিবার এখন উদ্বিগ্ন ও শঙ্কিত।
ঘটনার বিবরণ দিতে গিয়ে ওই নারী বলেন, মোল্লাহাটের শোলাবাড়িয়ার সোবহান মোল্লা দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিলেন। গত বছরের ২৯ অক্টোবর রাত ১২টার দিকে স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে সোবহান তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। তিনি চিৎকার দিলে তাঁর স্বামী ছুটে আসেন। এ সময় সোবহান ধারালো অস্ত্র দিয়ে তাঁর স্বামীকে আহত করে পালিয়ে যান।
ওই নারী বলেন, এ ঘটনায় তাঁর স্বামী মোল্লাহাট থানায় মামলা করতে যান। কুপিয়ে আহত করার অভিযোগে মামলা নিলেও ধর্ষণচেষ্টার মামলাটি গ্রহণ করেনি পুলিশ। সোবহানকে গ্রেপ্তার করা হলেও কিছুদিনের মাথায় তিনি জামিনে বেরিয়ে আসেন। ঘটনার কিছুদিন পর ওই নারী মামলা করেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে। ১৯ এপ্রিল তিনি ওই মামলায় সাক্ষ্য দিতে মোটরসাইকেলে বাগেরহাটের আদালতে যাচ্ছিলেন। একপর্যায়ে বাগেরহাট শহরের কেন্দুয়া পুকুরপাড়ে একটি পিকআপ পেছন থেকে তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়।
ওই নারীর স্বামীর আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন ধর্ষণচেষ্টা অভিযোগ তদন্ত করে। ১৯ এপ্রিল কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) মো. শরিফউদ্দিনের স্বাক্ষর করা এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ওই নারীকে ধর্ষণচেষ্টা ও তাঁর পরিবারের ওপর নির্যাতনের বিষয়টি মানবাধিকার লঙ্ঘন।’