ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১, সংঘর্ষ
দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলায় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর এক নারীকে (২৫) ধর্ষণচেষ্টার অভিযোগে ফারুক হোসেন (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় ফারুকের অনুগত গ্রামবাসীরা রোববার রাত ১১টা থেকে সোমবার বিকেল তিনটা পর্যন্ত দফায় দফায় ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
ধর্ষণচেষ্টার ওই নারী এবংÿক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর হামলার ঘটনায় গোপিরাম মুর্মু নামের এক ব্যক্তি নবাবগঞ্জ থানায় মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় একজন গ্রাম পুলিশসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
সোমবার বেলা ১১টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর নারী-পুরুষেরা তীর-ধনুক নিয়ে গ্রাম পাহারা দিচ্ছেন। স্থানীয় একটি বিদ্যালয়ের মাঠে পুলিশ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দিনাজপুর-৬ আসনের সাংসদের ব্যক্তিগত সহকারী ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর লোকদের নিরাপত্তা এবং তাঁদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন।
ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর নেতা জোহান হাসদা (৪৫) প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ফারুক হোসেন রোববার রাত নয়টার দিকে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর এক নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। ওই নারীর চিৎকারে গ্রামবাসী ফারুককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য মো. নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফারুককে আটক করার পর তাঁর অনুসারীরা হামলা চালায়। হামলাকারীরা জুগলাম মার্ডি নামের একজনকে অপহরণ করে নির্যাতন করতে থাকে। তিনি জুগলাম মার্ডিকে ছেড়ে দিতে বললে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাঁর ওপরও হামলা করেন। পরে পুলিশের সহায়তায় জুগলামকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর কয়েকজন নারী অভিযোগ করেন, সকাল থেকে বামনগড়, মাহজেরপুরের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে জাহানপুর গ্রামে কয়েকবার হামলা চালায়। হামলাকারীরা গ্রামটি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এতে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর লোকজন ভয়ে তীর-ধনুক নিয়ে আত্মরক্ষার চেষ্টা করে।
নবাবগঞ্জের কুশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েম সবুজ এবং গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল কবির ÿক্ষুদ্র-নৃ তাত্ত্বিক জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রথম আলোকে বলেন, রোববার রাতের ঘটনার পর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়লে সারা রাত তাঁরা দফায় দফায় উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন। তারপরও হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে আহ্বান জানিয়েছেন।
জানতে চাইলে গ্রাম পুলিশ মঞ্জুরুল আলম তাঁর নেতৃত্বে হামলার ঘটনার অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রামের মজিবর ও রফিসহ আট দশজন ÿক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনা ঘটিয়েছে। হামলা বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে দাবি করেন তিনি।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ফারুকের চাচা গ্রাম পুলিশ মঞ্জুরুল, তাঁর বড় দুই ভাই দুলাল উদ্দিন এবং মোস্তাফিজার রহমানকে গ্রেপ্তার করেছে। ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।