ধর্ষণচেষ্টার অভিযোগ করায় গৃহবধূকে কান ধরে ওঠবস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোর উপজেলায় ধর্ষণের চেষ্টার অভিযোগ করায় এক গৃহবধূ ও অভিযুক্ত যুবককে সাতবার কান ধরে ওঠবস করানো হয়েছে। উপজেলার কলমা ইউনিয়নে গ্রাম্য সালিসে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
সালিসে আবু সুফিয়ান নামের এক ব্যক্তি ও কলমা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শরিফুল ইসলাম নেতৃত্ব দেন।
ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, ১৬ এপ্রিল রাতে তাঁর বাড়িতে ঢুকে এক যুবক (৩৫) তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। তাঁর চিৎকারে শাশুড়ি এগিয়ে এলে ওই যুবক পালিয়ে যান। ঘটনার দিন তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। এ ঘটনার পর গৃহবধূ গ্রাম্য সালিসে বিচার দিলে কেউ বিচার করতে রাজি হননি। পরে তিনি থানায় একটি লিখিত অভিযোগ করেন। পুলিশ ঘটনার তদন্তে গেলে গ্রামের মোড়লেরা তখন বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পুলিশকে মামলাটি রেকর্ড না করতে অনুরোধ করেন। গত শনিবার রাতে এ নিয়ে এক বাড়ির আঙিনায় সালিসের আয়োজন করা হয়। সালিসে অভিযুক্ত যুবককে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে থানা থেকে মামলা প্রত্যাহার করার খরচও ওই যুবককে বহন করতে হবে। এ ছাড়া সালিসে ওই যুবক ও তাঁকে (গৃহবধূ) সবার সামনে সাতবার কান ধরে ওঠবস করার রায় দেওয়া হয়। অভিযুক্ত যুবক জরিমানার টাকা দেন ও কান ধরে ওঠবস করেন। এ সময় তিনি (গৃহবধূ) কান্নায় ভেঙে পড়েন। তবুও তাঁকে কান ধরে ওঠবস করতে বাধ্য করা হয়।
ওই গৃহবধূ আরও বলেন, সালিসে তাঁর বিরুদ্ধেই উল্টো অভিযোগ আনা হয়েছে, ওই যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। তিনিই নাকি ওই যুবককে ডেকে এনেছেন। তাঁরা গরিব মানুষ। তাঁর দুটি শিশুসন্তান রয়েছে। সবদিক চিন্তা করে গ্রাম্য মোড়লদের মুখের ওপর কথা বলতে পারেননি। জরিমানার টাকাও মোড়লেরাই রেখে দিয়েছেন।
এমন বিচারের ব্যাপারে কোনো মামলা করবেন কি না, জানতে চাইলে ওই গৃহবধূ বলেন, এখন কী করা ভালো হবে ঠিক বুঝতে পারছেন না।
ইউপি সদস্য শরিফুল বলেন, তাঁরা সামাজিক বিচার হিসেবে কান ধরে ওঠবস করিয়েছেন। উভয় পক্ষের দোষ পেয়েছেন, তাই মেয়েটাকেও এই শাস্তি দিয়েছেন।
এ ব্যাপারে কলমা ইউপির চেয়ারম্যান লুৎফুল হায়দার বলেন, সব শুনে তিনি বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে নিতে বলেছেন। কোনো অমানবিক সাজা দেওয়ার বিষয় তিনি শোনেননি। এটা করতেও বলেননি।
জানতে চাইলে তানোর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, থানায় অভিযোগ দেওয়ার পর স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামাজিকভাবে বিচার করে দেওয়ার আশ্বাস দেন। আর ঘটনাটি শ্লীলতাহানির। সে জন্য তিনি সময় দিয়েছিলেন। স্থানীয়ভাবে মীমাংসা হলে ভালো হয়। এখন ওই গৃহবধূ যদি মামলা করেন, তাহলে সেটিও নেওয়া হবে।