চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে অভিযোগ দিয়েছেন তিনি। এসপির নির্দেশে তদন্ত শুরু করেছে মতলব দক্ষিণ থানার পুলিশ।
পুলিশ ও পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, ওই গৃহবধূর বাড়ি উপজেলার ঢাকিরগাঁও গ্রামে। দুই শতক জমির মালিকানা নিয়ে তাঁর ভাশুরের সঙ্গে একই গ্রামের বখাটে মো. হালিম খানের (৩৫) পরিবারের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে হালিম ৮-১০ জন সহযোগীকে নিয়ে প্রতিপক্ষের বাড়িতে যান। এ সময় তাঁরা ঘরের আসবাব ভাঙচুর ও লুটপাট করেন। ঘটনার সময় গৃহবধূ ঘরে একাই ছিলেন। এ সুযোগে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন হালিম। তবে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হালিম ও তাঁর সহযোগীরা পালিয়ে যান।
এ ঘটনায় বুধবার ওই গৃহবধূ চাঁদপুরের এসপি শামসুন্নাহারের কাছে লিখিত অভিযোগ দেন। এসপি ঘটনা তদন্তের জন্য বৃহস্পতিবার মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
এ ছাড়া ওই গৃহবধূর ভাশুর একই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাতে বলা হয়েছে, ওই দুই শতক জমির মালিক তাঁরাই। কিন্তু হালিমের পরিবার জোরপূর্বক তা দখল করার চেষ্টা করছে। এতে ব্যর্থ হয়ে নানাভাবে হুমকি দিচ্ছে। ফলে তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হালিম খানের মুঠোফোনে গতকাল শুক্রবার অনেকবার ফোন দেওয়া হয়। তবে ফোনটি বন্ধ পাওয়া যায়। ঘটনার পর থেকে হালিম ও তাঁর সহযোগীরা পলাতক বলে গ্রামবাসী জানান।
মতলব দক্ষিণ থানার ওসি মো. কুতুব উদ্দিন বলেন, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনার তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।