গৃহবধূকে (৩১) ধর্ষণচেষ্টার অভিযোগে দিনাজপুরের বোচাগঞ্জের সেতাবগঞ্জ চিনিকলের এক কর্মকর্তার বিরুদ্ধে গত রোববার আদালতে মামলা হয়েছে। এ ঘটনায় ওই কর্মকর্তাকে ওএসডি করে চিনি ও খাদ্য শিল্প সংস্থার প্রধান কার্যালয়ে প্রত্যাহার করা হয়েছে।
তবে ওই কর্মকর্তা অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে ওই মামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে কর্মকর্তাদের আয়োজিত মানববন্ধন শ্রমিকেরা পণ্ড করে দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গৃহবধূর বাবা সেতাবগঞ্জ চিনিকলে চাকরি করতেন। তাঁর বাবা গত ১১ জানুয়ারি মারা যান। বাবার মৃত্যুর পর পারিতোষিকের (গ্র্যাচুইটি) টাকা তুলতে ওই গৃহবধূ একাধিকবার ওই কর্মকর্তার কাছে যান। ওই সময় ওই কর্মকর্তা বলেন, তাঁর বাবার টাকা পেতে দেরি হবে। সেই পরিচয়ের সূত্র ধরে ওই কর্মকর্তা গৃহবধূকে সেখানে চাকরির প্রস্তাব দেন। ওই কর্মকর্তা গৃহবধূকে ৭ নভেম্বর সন্ধ্যায় চিনিকলের খামার এলাকায় আসতে বলেন। সেখানে গেলে একটি আখখেত দেখার কথা বলে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন ওই কর্মকর্তা। গৃহবধূ চিৎকার করলে ওই কর্মকর্তা পালিয়ে যান। ওই দিন রাতে গৃহবধূ মামলা করতে গেলে থানার কর্মকর্তারা তাঁকে আদালতে মামলা করার পরামর্শ দেন। এরপর তিনি (গৃহবধূ) গত রোববার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জজ আদালতে মামলা করেন। আদালতের বিচারক জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমেদ অভিযোগ আমলে নিয়ে থানার ওসি নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
এদিকে ওই মামলার প্রতিবাদে গতকাল দুপুর ১২টায় চিনিকলের কর্মকর্তারা মানববন্ধনের আয়োজন করেন। ব্যানারে আয়োজক হিসেবে মিলের কর্মকর্তাদের পাশাপাশি শ্রমিক-কর্মচারীদের কথা উল্লেখ ছিল। এতে ক্ষিপ্ত হয়ে মানববন্ধন শুরুর পাঁচ মিনিটের মাথায় চিনিকলটির শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আমজাদ আলী ও সাধারণ সম্পাদক মো. আকতার হোসেনের নেতৃত্বে দুই শতাধিক শ্রমিক মানববন্ধনের ব্যানার ও মাইক ছিনিয়ে নেন। এতে মানববন্ধন পণ্ড হয়ে যায়। এ সময় শ্রমিকেরা অভিযুক্ত কর্মকর্তাকে কার্যালয় থেকে বের করে চিনিকলের বাংলোতে নিয়ে অবরুদ্ধ করে রাখেন। শ্রমিকেরা ওই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে চিনিকল ছেড়ে যাওয়ার সময়সীমা বেঁধে দেন।
অভিযুক্ত ওই কর্মকর্তা গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকেবলেন, ‘উনি (গৃহবধূ) যে অভিযোগে মামলা করেছেন, সেটা আমার পক্ষে সম্ভব নয়। এ ছাড়া ভদ্রমহিলা মামলায় ঘটনার কথা ৭ নভেম্বর উল্লেখ করেছেন। তাহলে ওই নারী কীভাবে পরদিন ৮ নভেম্বর আমার কার্যালয়ে এসে তাঁর বাবার টাকা নিয়ে যান।’