ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা না করার চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদীতে কারখানার এক নারী শ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। কিন্তু প্রভাবশালীদের চাপের মুখে ঘটনার এক সপ্তাহ পরও ভুক্তভোগী নারী মামলা করতে পারেননি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার ভোরে কর্মস্থলে যাওয়ার সময় ওই নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। পরবর্তী সময়ে স্থানীয় প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ওই নারী ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখায়।
গত রোববার সকালে কাঁচিকাটা ইউপির চেয়ারম্যান মো. মোবারক হোসেনের বাড়িতে অনেকটা চাপ প্রয়োগ করে ওই নারীর বাবার
হাতে আট হাজার টাকা তুলে দেওয়া হয়। পাশাপাশি এ বিষয়ে কারও কাছে মুখ না খোলার নির্দেশ দেওয়া হয়। ওই নারীর বাবা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক বিচার চেয়ে ইউপি সদস্য ও সচেতন মহলের কাছে দাবি জানান। স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিষয়টি জানার পর এলাকায় গেলে চাপের মুখে বাড়ি থেকে বের হয়ে যায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
জানতে চাইলে ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, ঘটনাটি টাকার বিনিময়ে মীমাংসাযোগ্য নয়। ইউপি চেয়ারম্যান মো. মোবারক হোসেন বলেন, ধর্ষণের চেষ্টার ঘটনা নিয়ে কয়েকজন তাঁর বাড়িতে এসেছিলেন। তিনি একটি সমাধান করে দিয়েছিলাম। কিন্তু অভিযুক্ত ব্যক্তি সেটি না মানায় তিনি সালিস থেকে উঠে যান। এরপর কী হয়েছে তা তাঁর জানা নেই।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। তারপরও খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।